০৫ মে ২০২৬

দৈনন্দিন

বিপ্লবের আকাঙ্ক্ষাকে ভুলিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে : সাদিক কায়েম

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৩১ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, 'জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও বিপ্লবের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলে এসেছি তা ভুলিয়ে দিতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। গত পনেরো বছর ভারতের যে মেকানিজম ছিল জুলাই বিপ্লবে সেটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। তারা আবার নতুন করে ষড়যন্ত্র করছে। বিভিন্ন রাজনৈতিক দলের উপর তারা আবারও তারা বিভিন্নভাবে সরবের চেষ্টা করছে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যেন হারিয়ে না যায় সেজন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।'

 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শান্তিগঞ্জ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে 'এন ইভিনিং উইথ ডাকসু ভিপি' শিরোনামে আয়োজিত সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, 'জুলাই বিপ্লবে আমাদের চোখের সামনে ২ হাজার ভাইবোন শহিদ হয়েছেন, ৪০ হাজার গাজী হয়েছেন। এত রক্তপাতের পরও যদি আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো ভাঙ্গতে না পারি তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। এখনই সময় আমাদের সবাইকে নতুন স্বপ্নে ‘ডিটারমাইন্ড’ হওয়ার, স্বপ্ন দেখার ও স্বপ্ন দেখানোর। এবং এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার। বাংলাদেশসহ পৃথিবীর নিপীড়িত মানুষের পক্ষে লড়াই করে যেতে হবে। সারা বিশ্ব যেনো এক উন্মুক্ত কারাগার। মজলুমদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে।

 

সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিব আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াছিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, সেক্রেটারী মাষ্টার দেলোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মো. আসাদুজ্জামান, ঢাকসুর কার্যকরি সদস্য শাহীনুর রহমান, সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি শাহীন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আফসার আহমদ ও সেক্রেটারি মুহাম্মদ নুর নবী প্রমূখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সাদিক কায়েম, ডাকসু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ