০৫ মে ২০২৬

দৈনন্দিন

খালেদা জিয়ার অসুস্থতায় সিলেটে নির্বাচনী প্রচারণা থেকে দূরে প্রার্থীরা, চেয়েছেন দোয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ৯:৫২ অপরাহ্ন

ছবিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সংগৃহীত

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারসন বেগম খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে তিনি হাসপাতালেই রয়েছেন। দলের প্রধানের এমন কঠিন সময়ে আপাতত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা থেকে দূরে রয়েছেন সিলেটের বিএনপি মনোনীত ও প্রত্যাশিত প্রার্থীরা।

 

শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল আয়োজন করে নেতৃবৃন্দরা। দলীয় প্রধানের এমন 'সংকটাপন্ন' অবস্থায় নির্বাচনী প্রচারণা চালানো মন মানসিকতা নেই বলে জানান নেতাকর্মীরা। তবে নির্বাচনী প্রচারণা না করলেও নির্বাচনী আসনগুলোতে নেত্রীর জন্য দোয়া মাহফিলের আয়োজন করতে দেখা গেছে নেতাকর্মীদের।  

 

কোম্পানীগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দোয়া মাহফিলে আরিফুল হক বলেন, দেশের সংকটময় মুহুর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। তিনি আমাদের সাহস ও গণতন্ত্রের প্রতীক। আজ দেশের ও প্রবাসের কোটি কোটি মানুষ তাঁর জন্য উদ্বিগ্ন এবং তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। আমরা চাই নেত্রী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।

 

অন্যদিকে  দক্ষিণ সুরমা উপজেলায় মাগরিবের নামাজের পর দাউদপুর পূর্ব তুড়ুকখলা জামে মসজিদে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার এই দীর্ঘ সংগ্রামে তাঁকে একাধিকবার দেশবিরোধী চক্রের রোষানলের মুখে পড়তে হয়েছে। দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের অন্ধকার পেরিয়ে ৫ আগস্ট জাতি যখন আবারও গণতান্ত্রিক পথে ফেরার সুযোগ পায়- এই অর্জন সম্ভব হয়েছে তাঁর অদম্য, সাহসী ও আপোসহীন নেতৃত্বের কারণে। সামনে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়েই আমাদের প্রিয় দেশনেত্রী অসুস্থ হয়ে পড়েছেন, যা সমগ্র জাতিকে গভীর উৎকণ্ঠায় ফেলেছে। তাঁর সুস্থতার জন্য দেশব্যাপী মানুষের দোয়া ও প্রার্থনা সত্যিই নজিরবিহীন।

 

এছাড়াও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় খতমে কোরআন ও দোয়া সিলেট মহানগর বিএনপির উদ্যোগে খতমে কোরআনের বিশেষ দোয়া মাহফিল শনিবার বাদ যোহর হয়রত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত হয়।

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, দলের প্রধান গুরুতর অসুস্থ সবাই তার জন্য দোয়া করছেন, এখন প্রচারণা চালানোর সময় না।


তিনি বলেন, বিএনপি তথা সারাদেশের মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার অপেক্ষায়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, অসুস্থতা, সিলেট বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ