২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

সুস্থ পৃথিবীর জন্য প্লাস্টিকের বিকল্প সংস্কৃতি গড়তে হবে: সিলেটের ডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ৯:২৯ অপরাহ্ন


সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, ‘বিশ্ব আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও পরিবেশ–প্রতিবেশ সংকট এখন সবচেয়ে বড় সমস্যার একটি। এর মধ্যে প্লাস্টিক দূষণ ভয়াবহ রূপ নিয়েছে।’ 

 

তিনি বলেন, ‘প্লাস্টিকের পণ্য পরিহারের একটি সংস্কৃতি তৈরি করতে হবে। সুস্থ জীবন ও নিরাপদ পৃথিবী গড়তে হলে জীবনাচরণে পরিবর্তন আনতে হবে।’

 

শনিবার (২২ নভেম্বর) ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে চৌহাট্রা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিবেশ অধিদপ্তর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাব আয়োজিত প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব–উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

 

প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে ডিসি বলেন, ‘প্লাস্টিকের শেষ গন্তব্য সমুদ্র। নদী–খাল–নালা বেয়ে এসব বর্জ্য সমুদ্রে গিয়ে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। এতে জলজ প্রাণী, মাছ ও সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। আবার মাটিতেও বছরের পর বছর পলিথিন থেকে যায়, ক্ষুদ্র কণায় ভেঙে নদীতে গিয়ে ইকোসিস্টেম নষ্ট করে। শেষ পর্যন্ত খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে নানা রোগের ঝুঁকি বাড়ায়।’

 

তিনি বলেন, ‘প্লাস্টিক থেকে বেরিয়ে আসা ছাড়া উপায় নেই। প্লাস্টিক আমদানি কমিয়ে দেশীয়, স্থানীয় ও পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে হবে।’

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার। পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সচিব আশিক নূর এবং সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা। 

 

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী, মো. ফাইজুল কবির, মো. আবু বকর সিদ্দিকী প্রমুখ। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট ডিসি, প্লাস্টিক দূষণ, প্লাস্টিক বিকল্প, পরিবেশ বান্ধব পণ্য, তারুণ্যের উৎসব ২০২৫, সিলেট যুব উদ্যোক্তা সমাবেশ, পরিবেশ সচেতনতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ