০২ মে ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

অগ্রহায়ণে শীতের ছোঁয়া, সিলেটের সবজিতে দাম চড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ৩:০৮ অপরাহ্ন

ছবিঃ নিজস্ব প্রতিবেদক

অগ্রহায়ণের শুরুতেই সিলেটে নেমে এসেছে কুয়াশা আর শীতল হাওয়া। সেই আমেজ ছড়িয়ে পড়েছে সবজি বাজারেও। চারদিকে শীতকালীন শাকসবজির সমারোহ ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, গাজর, নতুন আলুসহ নানা রকম সবজি। তবে বাজারে পাওয়া গেলেও দাম শুনলেই গড়পড়তা ক্রেতাদের কপালে ভাঁজ পড়ছে।


শনিবার (২২ নভেম্বর) সিলেট নগরীর বিভিন্ন বাজার সরজমিনে ঘুরে দেখা যায়, শিমের কেজি ১০০ টাকা, যা গত সপ্তাহেই ছিল ৮০ টাকা। টমেটো এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকায়; যদিও গত সপ্তাহে এটি ছিল ১৪০ টাকা। করলা ৮০ টাকায় স্থির থাকলেও বাঁধাকপি কমেছে এখন কেজি ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০। ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আগের সপ্তাহে ছিল ১০০। শসা ৭০ টাকা কেজি, লাউ প্রতি পিস ৮০ টাকা যা গত সপ্তাহে ছিল ৭০।



সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গাজরে। গত সপ্তাহে যেখানে কেজিপ্রতি দাম ছিল ১৮০ টাকা, দেশীয় ফলন বাড়ায় এখন তা নেমে এসেছে ৮০ টাকায়। বেগুন ৬০ টাকা থেকে বেড়ে ৭০ টাকায় উঠেছে। মুলা ও পটলের দামও কেজিতে ১০ টাকা করে বেড়েছে মুলা ৫০, পটল ৫০ টাকা। বরবটি ৬০ টাকা কেজি, কচুমুখী ৫০ টাকা এবং ধনে পাতা ১৫০–১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।



বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শীতকাল এলেই তো সবজির দাম কমার কথা। কিন্তু এখন উল্টো। বাজারে এলে মনে হয় সব কিছুর দামই লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’



একই বাজারে সবজি বিক্রেতা রশিদ মিয়া বললেন, ‘নতুন মৌসুমের সবজি আসতে শুরু করেছে ঠিকই, কিন্তু সরবরাহ এখনো পুরোপুরি বাড়েনি। কয়েক দিনের মধ্যেই দাম কমে যাবে।’



ব্যবসায়ী সামছুল আলম বলেন, শীতের প্রথম দিকে সবসময়ই সবজির দাম একটু বেশি থাকে। জমিতে ফলন পুরোপুরি না আসা পর্যন্ত বাজার পুরোপুরি স্থির হয় না।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

অগ্রহায়ণ, শীত, ছোঁয়া, সিলেট, সবজি, দাম চড়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ