ছবিঃ নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পুরো সময়ই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন তিনি।

মঙ্গলবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত জানালেন, দেশের স্বার্থই তাকে ফের টেস্ট দলের নেতৃত্ব নিতে রাজি করেছে।

শান্ত বলেন, ‘কিছুদিনের জন্য আমি অধিনায়ক ছিলাম না। সেই সময়টা আমি উপভোগ করেছি। আগে যে কারণে দায়িত্ব ছাড়ার কথা বলেছিলাম, সেটা আগেই জানিয়েছি। তবে ক্রিকেট বোর্ড খুব সুন্দরভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছে। এরপর সবার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। একসময় মনে হলো, বাংলাদেশের ক্রিকেট আমার চেয়ে অনেক বড় বিষয়, আর দলের প্রয়োজন আমার ব্যক্তিগত মতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’।

গত জুনে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় শান্তকে। বোর্ডের সিদ্ধান্ত ছিল তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখার। তখন ওয়ানডে দলের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না শান্ত, আর সেই অসন্তোষ থেকেই শ্রীলঙ্কা সফর শেষে টেস্ট অধিনায়কত্ব ছাড়েন তিনি।

তবে চার মাস পর আয়ারল্যান্ড সিরিজের আগে দীর্ঘ আলোচনার পর ফের টেস্ট নেতৃত্ব নিতে রাজি হন তিনি। প্রথমে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের চেষ্টায় সম্মতি না দিলেও পরে বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্তে পৌঁছান।

তিন ফরম্যাটে তিন অধিনায়ক নীতির ব্যাপারে মত বদলের কারণ জানিয়ে শান্ত বলেন, ‘একসময় মনে হয়েছিল তিন অধিনায়ক রাখা যুক্তিসঙ্গত নয়। তবে বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনায় বিষয়গুলো পরিষ্কার হয়েছে কীভাবে সমস্যা এড়ানো যায়, তা নিয়েও কথা হয়েছে। এখন আমরা তিনজনই (আমি, লিটন ও মিরাজ) একই পথে আছি।’


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, বাংলাদেশ, ক্রিকেট, টেস্ট, অধিনায়ক