০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

মঈন–আমিরদের নিয়ে বিপিএলে ঝড় তুলতে প্রস্তুত সিলেট টাইটান্স

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২৫ ১:০২ অপরাহ্ন


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন নামে যাত্রা শুরু করা সিলেট টাইটান্স ইতিমধ্যেই ঘোষণা করেছে তাদের চার বিদেশি ক্রিকেটারের নাম।

সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে নিয়েছে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস, ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী এবং আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে।

দেশি ক্রিকেটারদের মধ্যে আগেই দলে ভিড়িয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন মিরাজ।

শুধু দল নয়, কোচিং প্যানেলেও নজর কাড়ছে সিলেট টাইটান্স। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের অভিজ্ঞ কোচ সোহেল ইসলাম। ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বিপিএলের সফল অধিনায়ক ইমরুল কায়েস, পেস বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক জাতীয় পেসার সৈয়দ রাসেল, আর ফিল্ডিং কোচের দায়িত্বে রয়েছেন কিমস্লে রব।

এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটের মালিকানা পেয়েছে ‘ক্রিকেট উইথ সামি’। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে, রাজশাহী নিয়েছে নাবিল গ্রুপ, আর ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) কনসোর্টিয়াম।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, খেলাধুলা, বিপিএল, সিলেট টাইটান্স

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ