১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

শাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ৭ নভেম্বর, ২০২৫ ৬:৩০ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

 

ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর নেতৃত্বে র‌্যালিটি প্রশাসন ভবন-১ এর সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিনি অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসের মূল নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিগত ১৭ বছর এ দিবসটি পালনের সুযোগ দেওয়া হয়নি। নতুন প্রজন্মকে এ দিবসের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না। আজ সেটিই প্রমাণিত সত্য।

 

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের কোষাধ্যক্ষ থাকাকালীন আমি তাঁর ক্যান্টনমেন্টের বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তাঁর পরিবারের স্মৃতিবিজড়িত এই বাসাটি একসময় গুড়িয়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন এবং নিজেও অত্যন্ত সৎ মানুষ ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন তিনি মানুষের হৃদয়ে স্থান করে নেন। এমন মানুষদের ইতিহাস থেকে কখনো মুছে ফেলা যায় না। আমাদের সন্তানদের সঠিক ইতিহাস জানতে হবে। কারণ সঠিক ইতিহাস জানার মাধ্যমেই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। 

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

 

আলোচনা সভায় ‘অনুপ্রেরণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার পাঠ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া।

 

বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ।

 

সভা শেষে বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।

 

এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জিয়াউর রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ