০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে সারারাত রেললাইন মেরামত শেষে সকালে ফেরার পথে রেল কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ৮ অক্টোবর, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ন


সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামে এক রেল কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ভোরে কর্মস্থল কুলাউড়ায় ফেরার পথে বরমচাল ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

 

মোজাম্মেল হক (৫২) রেলওয়ের কুলাউড়ার এস.এস.এ ই (ওয়ে) পদে কর্মরত ছিলেন। কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মঙ্গলবার ভোরে সিলেটের মোগলাবাজার স্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাকবলিত হলে সেখানে লাইন মেরামত কাজে অংশ নেন রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হক। সারারাত মেরামত কাজ শেষ করে ভোরে সহকর্মীর মোটরসাইকেলযোগে কর্মস্থল কুলাউড়ায় ফিরছিলেন তিনি। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায় পৌছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, সিলেট ওসমানী হাসপাতাল থেকে তাঁর মরদেহ গ্রামের বাড়ি জামালপুর জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফন করা হবে। মোজাম্মেল হকের স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছেন। কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট ট্রেন দুর্ঘটনা, রেল কর্মকর্তার মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ