০৫ মে ২০২৬

দৈনন্দিন

সাড়ে ৩ কোটি টাকায় ৬ মাসের জন্য সাদাপাথর ইজারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ অক্টোবর, ২০২৫ ১০:১৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর ৬ মাসের জন্য ইজারা প্রদান করা হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে সুনামগঞ্জের ছাতক উপজেলার লিলু মিয়া প্রায় সাড়ে তিন কোটি টাকায় ইজারা পেয়েছেন। 

 

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত নিলাম কার্যক্রম চলে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ইজারার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আগামী ছয় মাসের জন্য ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র ও গাড়ি পার্কিং এলাকা ৩ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন লিলু মিয়া। তবে সরকারি নির্ধারিত মূল্য ছিল ১ কোটি ৯০ লাখ ৩৯ হাজার ৩৭৩ টাকা। 

 

তিনি আরও জানান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে ৭ জন অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে লিলু মিয়া ইজারা পেয়েছেন।

 

ওসি মো. রতন শেখ বলেন, ‘সুষ্ঠূ ও শান্তিপূর্ণভাবে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগও নেই।’

 

জানা যায়, লিলু মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ভোলাগঞ্জ এলাকায় পাথর ব্যবসার সঙ্গে জড়িত এবং তাঁর নিজস্ব একটি ক্রাশার মিলও রয়েছে।

 

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাদাপাথর পর্যটনকেন্দ্রে সাম্প্রতিক পাথর লুট ও অবৈধ উত্তোলনের কারণে অনিশ্চয়তায় পড়ে যায় ইজারা প্রক্রিয়া। এরপর প্রশাসনের সাঁড়াশি অভিযানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় নিলামের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ভোলাগঞ্জ সাদাপাথর, কোম্পানীগঞ্জ, সাদাপাথর ইজারা, লিলু মিয়া, সিলেট পর্যটনকেন্দ্র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ