০৫ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে: জেবুন নাহার সেলিম

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১ অক্টোবর, ২০২৫ ৭:০৪ অপরাহ্ন


সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বারের সাবেক সহ-সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের সহধর্মিনী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, ‘বাংলার মানুষ টানা ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গুম-খুন আর মানুষ হত্যার মধ্য দিয়ে তার গদি টিকিয়ে রেখেছিল।’

 

বুধবার (১ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরস্থ নিজ বাড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় নেতাকর্মীদের সাথে দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, ‘বিএনপি এমন একটি দল যেখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। চাঁদাবাজদের এই দলে কোনো ঠাঁই নেই। এ ব্যাপারে তারেক রহমানের কড়া হুঁশিয়ারি রয়েছে। যদি বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে আর যদি সেটি প্রমাণ হয়, তবে—বিএনপি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।’

 

সিলেট-৪ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গিকার জানিয়ে অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম বলেন, ‘দল যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়েই কাজ করবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার আপ্রাণ চেষ্টা করবো এবং আপনাদের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্বপ্ন বাস্তবায়নে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই। একইসাথে আপনাদের সহযোগিতায় এই এলাকার যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, জেলা বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, আরিফ ইকবাল নেহাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, জেলা যুবদলের সহ সভাপতি গোলাম কিবরিয়া ছত্তার, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাসিম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি আব্দুল হক, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবদলের আহব্বায়ক আহমদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিনুল হক, গোয়াইনঘাট কলেজ ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর আলম।

 

এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সভার শুরতেই বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকো ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


পরবর্তীতে অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শেখ হাসিনা, গোয়াইনঘাট, সিলেট-৪, জেবুন নাহার, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ