০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যু

উপাধ্যক্ষের পদত্যাগসহ দশ দফা দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৯ অপরাহ্ন


সিলেটের স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা-অভিভাবকরা। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই তারা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন।


এসময় শিক্ষার্থীরা আজমানের মৃত্যু ‘আত্মহত্যা’ নয়, বরং ‘আত্মহত্যায় প্ররোচিত’ ঘটনা দাবি করে উপাধ্যক্ষের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সকাল পর্যন্ত ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।  


রোববার দিনভর অবস্থান কর্মসূচি শেষে আগামীকাল সোমবার আবারও ক্যাম্পাসে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। 


এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি টের পেয়ে আগেই রোববার পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। তবে এই নির্দেশনা উপক্ষো করে রোববার সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় অভিভাবকরাও তাদের সঙ্গে যোগ দেন।   


শিক্ষার্থীদের ১০ দফা দাবি হলো-আজমানের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা, উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ, শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবার অপসারণ, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে হেনস্তা না করা, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ দেওয়া, কলেজের নোটিশ বোর্ডে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ, অভিভাবকের সঙ্গে অসদাচরণ বন্ধ ও শিক্ষার্থী-বান্ধব নীতি গ্রহণ, পরীক্ষার রুটিন তৈরিতে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া, শিক্ষকের ব্যক্তিগত আক্রোশ বন্ধ করা এবং ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ব্যবস্থা করা। 


স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেন, ‘আজমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুর কারণ হিসেবে যেসকল অভিযোগ আসছে, আমরা তা গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।’


তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন, দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো যৌক্তিক। এর মধ্যে যে সকল দাবি পুরণের এখতিয়ার প্রতিষ্ঠানের হাতে আছে, তা আমরা তাদের দেয়া সময়ের মধ্যেই পুরণ করবো।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

স্কলার্সহোম, শিক্ষার্থী, ১০ দফা, নোটিশ বোর্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ