০৫ মে ২০২৬

দৈনন্দিন

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩০ অপরাহ্ন

ছবিঃ ভিডিও থেকে নেওয়া

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশা চালকের বাগবিতণ্ডাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক ব্যক্তি। 


মঙ্গলবার  বেলা ১২টার টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাঁধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (২৭) উপজেলার রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজি চালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে দুই অটোরিকশা চালকের পক্ষ নেয় চার গ্রামবাসী। এর মধ্যে একপক্ষে রাঁধাপুর ও জামারগাঁও গ্রামের লোকজন এবং অপরপক্ষে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজন অবস্থান নেয়। এসময় তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


এসময় সংঘর্ষে সাব্বির হোসেন নিহত হন। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে প্রেরণ করা হয়েছে।


সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, সংঘর্ষ, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ