০৬ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

গোয়াইনঘাটে মাজার থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৫ ৭:৪২ অপরাহ্ন



সিলেটের গোয়াইনঘাট উপজেলার দামারী মানউল্লাহ শাহ মাজার থেকে সিরাজুন বেগম (৪০) নামে এক নারী ভক্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের দামারী মানউল্লাহ শাহ মাজারের নামাজঘরের পেছন দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজুন বেগম উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের ওমানপ্রবাসী আসাব আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন যুবক মাজারের নামাজঘরের পেছনে খালের ধারে সিরাজুন বেগমের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র জানায়, সিরাজুন বেগম নিয়মিত বিভিন্ন মাজারে যেতেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিহতের ছোট ভাই আমির উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে চিকিৎসার কথা বলে বড় বোন ৪ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রায় সময়ই সে বিভিন্ন মাজারে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরত। কিন্তু কাল আর ফেরেনি। আজ সকালে খবর পাই মানউল্লাহ শাহ মাজারে তার লাশ পাওয়া গেছে। গলায় আঘাতের চিহ্নও রয়েছে। আমার সন্দেহ, তাকে হত্যা করা হয়েছে।

সালুটিকর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাজার সংলগ্ন এলাকা থেকে সিরাজুন বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ।  


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট, মরদেহ উদ্ধার, পুলিশ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ