৩০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

নগরীতে কার্নিশে আটকে পড়া বিড়ালের জীবন বাঁচালো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ন

ছবিঃ আব্দুল করিম কিম-এর ফেসবুক থেকে নেওয়া।

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে একটি বিপন্ন বিড়ালছানাকে কার্নিশ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। দুইদিন ধরে সাহিব শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার ‘সানসেট’-এর ছাদে আটকে ছিল বিড়াল ছানাটি।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিড়াল ছানাটিকে উদ্ধার করা হয়। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন সিলেট ভয়েসকে তথ্যটি নিশ্চিত করেন। 

এর আগে সন্ধ্যায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিম এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করলে ঘটনাটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এরপরই বিড়ালছানাটিকে বাঁচাতে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের দল। 

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন,'পূর্ব জিন্দাবাজারের উন্দাল কিং কেবাবের ব্যবসায়ী সালাহউদ্দিন বাবলু তাঁকে ফোন করে জানান, বিপরীত পাশের উন্দাল কিং কাবাবের কর্মীরা প্রথমে বিড়ালটির কষ্টে পড়ার বিষয়টি লক্ষ্য করেন। তারা কয়েকবার নিজ উদ্যোগে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে একজন ফায়ার সার্ভিসে ফোন করলে, সেখান থেকে জানানো হয় বিড়াল উদ্ধার তাদের নিয়মিত কাজ নয়।'
 
এরপর তিনি পুনরায় বাবলুকে ফায়ার সার্ভিসের একটি মোবাইল নম্বরে যোগাযোগ করার কথা জানান। পরে বাবলু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বিষয়টি মানবিকভাবে উপস্থাপন করেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রথমে কিছু আপত্তি জানালেও শেষ পর্যন্ত তারা সাড়া দেয়।

পরে তালতলা ফায়ার স্টেশন থেকে একটি টিম পূর্ব জিন্দাবাজারে পৌঁছে বিড়ালটি নিরাপদে উদ্ধার করে। ঘটনাটি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

পোস্টের শেষে তিনি লেখেন, 'আমাদের দেশের বাস্তবতায় বাসা-বাড়ির কার্নিশ থেকে বিড়াল উদ্ধারের কাজ অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হবে কিন্তু একটি প্রাণী বাচ্চার জন্য দুই দিন থেকে ছটফট করলে মানুষের ফিতরত হচ্ছে সেই বিপদগ্রস্থকে সাহায্য করা।'  

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন সিলেট ভয়েসকে বলেন, 'সোমবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় বিড়াল ছানাটিকে উদ্ধার করা হয়েছে।' 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিড়াল ছানা, সিলেট, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), বিড়াল ছানা উদ্ধার, ফায়ার সার্ভিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ