৩০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

জগন্নাথপুরে হঠাৎ বৃষ্টিতে রাস্তা যেন ‘মরণ ফাঁদ’, দুর্ভোগে পথচারী

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৫ ৭:০০ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের গোদামের সামনে নির্মাণাধীন ব্রিজসংলগ্ন সড়কটি যেন ‘মরণ ফাঁদ’। হঠাৎ বৃষ্টি হওয়ায় কাদা ও মাটি জমে সড়কটি পিচ্ছিল হয়ে গেছে। এতে করে চলাচলের চরম ভোগান্তি ও দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন পথচারীরা। একই সঙ্গে বিপাকে পড়েছেন ছাত্র-ছাত্রী ও ব্যবসায়ীরাও।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নির্মাণকাজে ব্যবহৃত মাটি সড়কে ছড়িয়ে থাকায় বৃষ্টির পানি তা কাদায় পরিণত করেছে। ফলে সামান্য অসাবধানতাতেই বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এতে করে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।

সরেজমিনে দেখা যায়, সোমবার (৪ আগস্ট) সকাল থেকে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে পৌর এলাকায় গোদামের পাশের ব্রিজ এলাকার সড়কে জমে থাকা কাদা ও পানি মিলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বিকল্প চলাচলের জন্য তৈরি করা বাঁশের সেতুর মুখেও কাদা জমে গেছে, যা চলাচলের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

পথচারী নিকেশ বৈদ্য নামে একজন বলেন, “বৃষ্টি হলেই সেতুর মুখে কাঁদা জমে থাকে। চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একটু অসাবধান হলেই বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।”

সুলতানা বেগম নামে আরেক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পৌরসভার সামনের রাস্তাটির এখন ভয়াবহ অবস্থা। সামান্য বৃষ্টিতে পুরো রাস্তাই মরণ ফাঁদে পরিণত হয়।”

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, “বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ জানান, “বিষয়টি জানার পরপরই এলজিইডি প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর ব্রিজ,সুনামগঞ্জ রাস্তার দুরবস্থা,কাদা জমে দুর্ঘটনা,এলজিইডি সড়ক নির্মাণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ