০৪ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ছাত্রদের সঙ্গে সংঘর্ষের জেরে সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়াকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে সুনামগঞ্জে সবধরনের যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।


জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে সুনামগঞ্জ জেলার ভেতরে ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে সিএনজি অটোরিকশার শ্রমিকরাও ধর্মঘটে যোগ দেন।


গতকাল রোববার সকাল ৯টার দিকে শান্তিগঞ্জ উপজেলার সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের সামনে একটি বাসে ওঠাকে কেন্দ্র করে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এক বাস হেলপারের কথা-কাটাকাটি হয়।


বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ ফেরার পথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা দেন। তার অভিযোগ, ওই হেলপার মাদকাসক্ত অবস্থায় ছিলেন।


অন্যদিকে, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির জানান, শিক্ষার্থীরাই প্রথম হেলপারের সঙ্গে খারাপ ব্যবহার করে। একপর্যায়ে বাসে ভাঙচুর চালিয়ে হেলপারকে মারধর করে ক্যাম্পাসে আটকে রাখে।


তিনি বলেন, “এর আগেও সুবিপ্রবির শিক্ষার্থীরা পরিবহন শ্রমিকদের সঙ্গে অশোভন আচরণ করেছে। এবারের ঘটনায় একজন হেলপারকে মারধর করা হয়েছে, বাস ভাঙচুর করা হয়েছে। এর প্রতিবাদেই আমরা ধর্মঘটে গেছি।”


সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, তারা তিন দফা দাবি তুলে ধরেছেন: শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হামলাকারীদের বিচার করতে হবে, এবং পাঁচ মাস ধরে জেলে থাকা এক পরিবহন শ্রমিককে মুক্তি দিতে হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, পরিবহন ধর্মঘট, বাস চলাচল, সুবিপ্রবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ