২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

শান্তিগঞ্জে লেগুনা-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৬

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫ ৫:১৬ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহাসড়কে গাগলী গ্রামের আনজু মিয়ার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ৬ জন আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহতরা হলেন জেলার দোয়ারাবাজার উপজেলার ঢুলপশী গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) এবং দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর চার মাস বয়সী কন্যা হুমায়রা।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি নাম্বারবিহীন লেগুনা এবং বিপরীতমুখী দিরাইগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫)। গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর চার মাস বয়সী কন্যা হুমায়রা।

 

দুর্ঘটনায় আহতরা হলেন- দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রামের সারত দাসের ছেলে জ্যোতিষ দাস (২৬), একই উপজেলার সাদিরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসান (৩৫), কাদিরপুর ধল গ্রামের মৃত আব্দুল হাসিমের মেয়ে সুফিয়া (১৮), শান্তিগঞ্জ উপজেলার বগলাখারা গ্রামের নূর ইসলামের ছেলে নাসির উদ্দিন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালি গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে রুবেল (২৫), এবং নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার আবরীপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বাদল মিয়া (৪০)।

 

দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

 

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একটি শিশু মারা যায়। এছাড়া ছয়জন আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘাতক যান দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ