৩০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

নগরীতে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম, বাড়ছে দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জুলাই, ২০২৫ ১০:৪০ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেট নগরের প্রধান সড়কগুলো দখল করে নিয়েছে ব্যাটারিচালিত রিকশা। একসময় ভোরে ও রাতের বেলা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচল করতে দেখা যেতো। কিন্তু এখন প্রকাশ্যে নগরীর প্রতিটি সড়কে চলাচল করছে শত শত ব্যাটারিচালিত অটোরকিশা।


নগরীর প্রধান প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। যত্রতত্র যাত্রী ওঠানামা, উল্টোপথে চলাচল, বেপরোয়া গতিসহ সব মিলিয়ে সড়কে বিশৃঙ্খলা তৈরি করছে এসব রিকশা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও।


এ অবস্থায়ও নিশ্চুপ সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমিপি)। মাঝে মধ্যে পুলিশ অভিযান পরিচালনা করলেও তাতে খুব একটা প্রভাব পড়ছে না।


সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা না থাকায় সমস্যার সমাধান হচ্ছে না। সেই সাথে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বা নিয়ন্ত্রণে সিসিকের কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এসব যানবাহনের দৌরাত্ম থামছে না।  


২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করে। জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে রিকশা জব্দসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুরুর দিকে কিছুদিন অভিযানও চলে। কিন্তু পরে আর তা অব্যাহত থাকেনি। ফলে ফের সড়কে ফিরে আসে ব্যাটারি রিকশা।


নগরের বন্দরবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড়, শিবগঞ্জ, আম্বরখানা, নাইওরপুল, ওসমানী মেডিকেল কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত দেখা যায় এসব যান। ট্রাফিক পুলিশের সামনেই চলছে তাদের যাতায়াত।


সিলেট সিটি করপোরেশন ও এসএমপি সূত্রে জানা গেছে, নগরে বর্তমানে অনুমোদনহীন ব্যাটারিচালিত যানবাহনের সংখ্যা প্রায় ২৫ হাজার। চালকদের অধিকাংশই অদক্ষ। নিয়ম না মেনে এলোমেলোভাবে চলাচল করায় ঘটছে দুর্ঘটনা।


মেজরটিলা এলাকার বাসিন্দা নোমান আহমদ বলেন, ‘আগে এসব ব্যাটারিচালিত রিকশাগুলো গলিপথের ভিতরে চললেও এখন মূল সড়কও এখন তাদের দখলে। এতে করে নগরীতে যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। 


রিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সিলেট মহানগরীর উপদেষ্টা আবু জাফর  সিলেট ভয়েসকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছি। আমরা মনে করি সড়কে শৃঙ্খলা আনা দরকার। আর এই শৃঙ্খলা ফেরাতে এসব ব্যাটারিচালিত গাড়িগুলোকে নিবন্ধনের আওতাধীন করা প্রয়োজন। 


তাছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে এসব চালকদের একটি নীতিমালার ভিত্তিতে বৈধ লাইসেন্স প্রধান করার দাবিও জানান তিনি।  


এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাফফুজুর রহমান সিলেট ভয়েসকে বলেন, এসব অনিবন্ধিত বাটারিচালিত রিকশাগুলো যাতে প্রধান সড়কে আসতে না পারে এবং যানজট মোকাবেলায় আমরা তাঁদের মূল সড়ক থেকে দূরে থাকতে বলি। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের অভিযান চলমান রয়েছে।' 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, যানজট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ