০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শ্রীমঙ্গলে চিকিৎসকের অবহেলায় নারী চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ঘেরাও

প্রতিনিধি, শ্রীমঙ্গল,মৌলভীবাজার

প্রকাশঃ ২০ জুলাই, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানে চিকিৎসকের অবহেলায় এক নারী চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় রোববার (২০ জুলাই) চা শ্রমিকরা বাগান হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছেন। 


এর আগে গতকাল শনিবার (১৯ জুলাই) শান্ত নায়েক (৩৫) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়। নিহতের স্বজন ও চা শ্রমিকদের দাবি, চিকিৎসকের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে।


জানা গেছে, শনিবার (১৯ জুলাই) অসুস্থ অবস্থায় শান্ত নায়েককে বাগান হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালেই তিনি মারা যান।  


নিহতের স্বজন ও চা শ্রমিকদের দাবি, হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. অনিল কুমার সিংহ ও মিডওয়াইফ স্বপ্না সেন তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে অবহেলা করেন। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।


এ ঘটনার প্রতিবাদে আজ রোববার (২০ জুলাই) সকালে চা শ্রমিক ও স্থানীয় যুবকরা বাগান হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন। এতে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাগান কর্তৃপক্ষ পঞ্চায়েতের সঙ্গে আলোচনায় বসে। পরে নিহতের পরিবারকে ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়।


শ্রমিক নেতাদের অভিযোগ, সাতগাঁওসহ অনেক চা বাগানে দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা ও চরম অবহেলা চিকিৎসা খাতে। এতে অনেকেই প্রতিবাদ করলেও কোনো পরিবর্তন হয়নি।   


বাগান ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিষয়টি শান্ত করতে বাগান পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে নিহতের পরিবারকে ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।


উল্লেখ্য, শ্রম আইন অনুযায়ী, চিকিৎসা অবহেলায় শ্রমিক মৃত্যুর ঘটনায় কমপক্ষে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার বিধান রয়েছে। অথচ বাস্তবে তার অর্ধেক পরিমাণেই বিষয়টি আপাতত মীমাংসা করা হয়েছে।


এ ঘটনায় শ্রমিক নেতারা নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনাসহ চা শ্রমিকদের জন্য উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দাবি করেছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সাতগাঁও চা বাগানে চিকিৎসা অবহেলা,শান্ত নায়েকের মৃত্যু,চা শ্রমিক মৃত্যুর অভিযোগ,মৌলভীবাজার চা বাগান বিক্ষোভ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ