০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ভারতে উদ্ধার জকিগঞ্জের নিখোঁজ দিনমজুরের মরদেহ হস্তান্তর

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২০ জুলাই, ২০২৫ ৭:৪০ অপরাহ্ন


ভারতে উদ্ধার সিলেটের জকিগঞ্জের নিখোঁজ দিনমজুর আব্দুল মালিকের (৪২) মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


শনিবার (১৯ জুলাই) রাতে কাস্টমঘাট সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়। নিহত আব্দুল মালিক উপজেলার মৌলভীরচক গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে।

নিহতের স্ত্রীর বরাতে পুলিশ জানায়, গত ৮ জুলাই সকালে আব্দুল মালিক উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। 


এদিকে অনেক খোঁজাখুঁজির পর ১৫ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটে জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের বিপরীতে ভারতের আসামের করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদী থেকে তাঁর ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করে ভারতীয় পুলিশ। পরে করিমগঞ্জে বসবাস করা আব্দুল মালিকের আত্মীয়-স্বজনরা তাঁর মরদেহটি সনাক্ত করেন।


এরপর গতকাল শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি কাস্টমঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করে বিএসএফ। পরে মরদেহটি নিহতের স্ত্রী নাছিমা বেগম ও ভাই ওয়াহিদুর রহমানের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
 
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গত ৮ জুলাই সকালে আব্দুল মালিক হাজীগঞ্জ বাজারে যাওয়ার পর নিখোঁজ হন। এক সপ্তাহ পর ১৫ জুলাই রাতে কুশিয়ারা নদীর ভারতীয় অংশে একটি মরদেহ ভেসে থাকতে দেখা যায়। ভারতের করিমগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্ত করে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জকিগঞ্জ নিখোঁজ ব্যক্তির মরদেহ,কুশিয়ারা নদীতে ভেসে থাকা মরদেহ,বিজিবি বিএসএফ পতাকা বৈঠক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ