১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ৫:০৫ অপরাহ্ন


গেল বছরের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’।

বুধবার (১৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় মিনি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, এবং ‘জুলাই শহিদ দিবস’ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্য, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনায় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন বলেন, ‘যে স্বপ্নকে লালন করে এই বিপ্লব হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করা জরুরি। গণতন্ত্রের মোড়কে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে হাজারো নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে। এসবের বিচার সময়ের দাবি।’

উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, ‘গত বছরের ১৬ জুলাই আবু সাঈদের রক্ত এত তেজোদ্দীপ্ত হবে—এটা কেউ কল্পনাও করেনি। সেই রক্তই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। এটি কোনো একক ব্যক্তির নয়, বরং সম্মিলিত প্রতিবাদের ফল।’

উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু—এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে আবু সাঈদকে খুব কাছ থেকে হত্যা করা হয়েছে, তা ইতিহাসে বিরল। বিগত সময়গুলোতে দুর্নীতি, হত্যা, গুম ও দমন-পীড়নের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এর প্রতিক্রিয়ায় জন্ম নেয় জুলাই বিপ্লব।’

তিনি আরও বলেন, ‘আমরা শাবিপ্রবিকে আন্তর্জাতিক মানের টিচিং ও রিসার্চ ইউনিভার্সিটিতে পরিণত করতে চাই। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আগামীতে সততা নির্ভর বাংলাদেশ গড়তে হলে বিশ্ববিদ্যালয়গুলোকেই পথ দেখাতে হবে।’



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জুলাইয়ের গণ-অভ্যুত্থান, শহিদ দিবস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, শাবিপ্রবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ