৩০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

শ্রীমঙ্গল পৌরসভার ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

ঘোষিত বাজেটে মোট আয় নির্ধারণ করা হয়েছে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পৌর সচিব মাহবুবুল আলম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, স্থানীয় সাংবাদিক এবং নাগরিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অধিবেশন সঞ্চালনা করেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক।

বাজেট ঘোষণার সময় প্রশাসক ইসলাম উদ্দিন বলেন, “শ্রীমঙ্গলে স্যানিটেশন ব্যবস্থা এখনো অনেক অংশে রেড জোনে রয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে। পর্যটনসমৃদ্ধ এ শহরে জনসাধারণ ও পর্যটকদের জন্য পাবলিক টয়লেট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারি বাজেট বিধিমালা ১৯৯৫ অনুযায়ী বিভিন্ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে। শহরের সার্বিক নাগরিক সেবা উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শ্রীমঙ্গল পৌরসভা, বাজেট ঘোষণা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ