মুরারিচাঁদ কলেজে সম্মান প্রথম বর্ষের ওরিয়েন্টেশন রোববার
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
সামিটে চীন থেকে ১২ জন চা ব্যাবসায়ী ও উদ্যোক্তা এবং সিলেটের স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিবেন।
প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৫ ৬:১৩ অপরাহ্ন
‘বাংলাদেশ-চীন চা বাণিজ্য ও সহযোগিতা উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ-চায়না টি সামিট ২০২৫। বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীনস্থ চাইনিজ কর্নার ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আগামী ২০ মে বিশ্ববিদ্যালয়ের নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সামিট।
বুধবার (২৩ এপ্রিল) এ সামিট আয়োজন সম্পর্কে নিশ্চিত করেছেন চায়নিজ কর্নারের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ সাহাবুল হক।
অধ্যাপক ড. মোঃ সাহাবুল হক জানান, বাংলাদেশ-চীন চা বাণিজ্য ও সহযোগিতা উন্নয়ন ছাড়াও এই সামিট স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চা বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। চা রপ্তানিতে ব্যবসায়ী টু ব্যবসায়ী নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি থাকবে আমদানি-রপ্তানি পদ্ধতি সহজীকরণ, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের উপস্থিতিতে প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা, বাজার সম্প্রসারণ কৌশল, সরকারি নীতিমালার সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা।
তিনি আরও জানান, এই ধরণের উদ্যোগ সিলেটে এই প্রথম। কেননা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ রয়েছে দেড় শতাধিক চা বাগান। এই সামিটের মাধ্যমে এসব এলাকার চা ব্যাবসায়ীদের সাথে চীনের চা ব্যাবসায়ীদের একটি যোগসূত্র স্থাপিত হবে। এটি বাংলাদেশ এবং চীনের চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের জন্য বড় সুযোগ সৃষ্টি হবে।
সামিট আয়োজন কমিটির সুত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে এ সামিট অনুষ্ঠিত হবে। চীন থেকে ১২ জন চা ব্যাবসায়ী এবং উদ্যোক্তা অংশ নিবেন। এছাড়া সামিটে সামিট সিলেটের স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিরাও অংশ নিবেন।
সামিটে অংশগ্রহণকারীদের জন্য থাকছে স্টল প্রদর্শনী এবং বিভিন্ন রকমের চা পানের সুযোগ। এছাড়া স্টলের সঙ্গে থাকবে দুটি টেবিল, তিনটি চেয়ার, বৈদ্যুতিক সকেট, লাইটিং এবং একটি স্ট্যান্ড ফ্যানসহ বিভিন্ন সুবিধা।
সামিটে অংশগ্রহণের জন্য রয়েছে নির্দিষ্ট রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা এবং রেজিস্ট্রেশনের শেষ সময় ৫ মে ২০২৫। অংশগ্রহণকারীদেও জন্য থাকবে আকর্ষণীয় গিফট ব্যাগ ও লাঞ্চ প্যাক। রেজিস্ট্রেশন বা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে মি. বোরহানের সঙ্গে, যিনি এই আয়োজনের দায়িত্বে রয়েছেন। যোগাযোগ নম্বর: ০১৮৭৬-৯৩৭৫৬৬। ইমেইল: chinesecorner-pss@sust.edu
বাংলাদেশের সকল চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের এই সামিটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে অধ্যাপক ড. মোঃ সাহাবুল হক বলেন, এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি একটি বৃহৎ সম্ভাবনার মঞ্চ। যেখানে দেশি চা শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ মিলবে। তাছাড়া চা শিল্পের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
টি, চা, সিলেট, টি সামিট, শাবিপ্রবি, শাবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়