০৪ মে ২০২৬

দৈনন্দিন

কানাইঘাটে সাংবাদিকদের সঙ্গে সিলেট-৫ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময়

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ২ জুলাই, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ন


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কানাইঘাট দক্ষিণ বাজারস্থ জামায়াত কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আনোয়ার হোসেন খান বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর ধরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে ডামি নির্বাচন ও দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল।'

তবে বর্তমান সময়ে আওয়ামী লীগের পতনের পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

কানাইঘাট ও জকিগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়নের অভাবের প্রসঙ্গ টেনে আনোয়ার হোসেন খান বলেন, 'এই দুই উপজেলায় প্রধান সড়কগুলোর বেহাল দশা এবং অন্যান্য নাগরিক সুবিধার ঘাটতি রয়েছে। জামায়াতের পক্ষ থেকে ইতোমধ্যে অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।' 

তিনি আরও বলেন, 'বিগত চারদলীয় জোট সরকারের সময় জামায়াত সমর্থিত এমপি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর মাধ্যমে কানাইঘাট ও জকিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছিল। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি সাধনে কাজ করার লক্ষ্যেই তাকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।'

এ সময় ইতোমধ্যেই সিলেট-৫ আসনের দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করেছেন বলেও জানান তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা আনোয়ার হোসেন খান বলেন, 'সাংবাদিকরা জাতির বিবেক, তারা দেশ ও জনগণের জন্য কাজ করেন। তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেবেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন।'

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিসে সূরা ও কর্মপরিষদ সদস্য এবং সিলেট-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা ফয়জুল্লাহ বাহার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরিফ আহমদ, মাওলানা ফয়সল আহমদ, সেক্রেটারি হাফিজ মাওলানা তাজ উদ্দিন, কানাইঘাট পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম এবং সেক্রেটারি মাওলানা ইকবাল হোসেন।

সভায় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট-৫ জামায়াত প্রার্থী,মাওলানা আনোয়ার হোসেন খান,কানাইঘাট সাংবাদিক মতবিনিময়,সিলেট জাতীয় নির্বাচন ২০২৫

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ