০৪ মে ২০২৬

দৈনন্দিন

টাঙ্গুয়ার হাওর প্রকল্পের কর্মশালায় মহিলা লীগের নেত্রীর অংশগ্রহণে সমালোচনা

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ জুলাই, ২০২৫ ২:০৬ অপরাহ্ন



টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনায় নতুন একটি প্রকল্পের কর্মশালায় যুব মহিলা লীগ নেত্রীর অংশগ্রহণকে ঘিরে সুনামগঞ্জে সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (৩০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিনকে আমন্ত্রণ জানিয়ে প্রধান মঞ্চে বসানো হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

অনেকের দাবি, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কতিপয় কর্মকর্তা সরকারের ঘনিষ্ঠ নেতাদের কৌশলে পুনর্বাসনের চেষ্টা করছেন। জুলাইয়ের গণ-আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ভাষ্য, এই উদ্যোগে রাজনৈতিক পক্ষপাত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

জানা গেছে, ‘টাঙ্গুয়ার হাওর: জলাভূমি বাস্তুতন্ত্রের সম্প্রদায়ভিত্তিক ব্যবস্থাপনা’ শীর্ষক একটি পাঁচ বছর মেয়াদি প্রকল্প নেওয়া হয়েছে, যার বাজেট ৪৪ কোটি ৬৬ লাখ টাকা। এটি পরিচালিত হবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ ব্যবস্থাপনায়।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব অঞ্জন কুমার দেব রায়। প্রকল্প পরিচালক শাহেদা বেগম প্রকল্পের মূল বিষয়বস্তু তুলে ধরেন এবং সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলায়মান হায়দার। এ কর্মশালায় যুব মহিলা লীগ নেত্রী আইরিন বক্তব্য রাখলে বিতর্ক আরও তীব্র হয়। 

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনদ্দোজা বলেন, "জুলাই শহীদদের রক্তের দাগ শুকায়নি, অথচ এখন সেই সরকারের ঘনিষ্ঠদেরই সামনে আনা হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।"

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শাহেদা বেগম বলেন, 'উনার (আইরিন) কোনো ছবি বা প্রচার-প্রসার থাকলে আমাকে দেখান। ইউএনডিপির পক্ষ থেকে একজন নারী প্রতিনিধির অংশগ্রহণ দেখতে চাওয়া হয়েছিল। তবে স্থানীয়ভাবে যদি আপত্তি থাকে, তাহলে ভবিষ্যতে তাকে আমন্ত্রণ জানানো হবে না।'

প্রধান অতিথি অঞ্জন কুমার দেব রায় বলেন, 'আমি বিষয়টি আগে জানতাম না। আমাকে অতিথি হিসেবে রাখা হয়েছিল বলেই কর্মশালায় উপস্থিত ছিলাম। কারা আমন্ত্রিত হয়েছেন, সে বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তর নিয়েছে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, যুব মহিলা লীগ, নেত্রী, কর্মশালা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ