২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

সুনামগঞ্জের দোয়ারাবাজার

সড়কের বেহাল দশায় এলাকাবাসীর দুর্ভোগ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

মো. আক্তার হোসেন সুমন, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজারে যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। উপজেলার দোহালিয়া ইউনিয়নের দোহালিয়াবাজার থেকে কড়ালিয়া হাজীনগর—দেওয়াননগর এলাকার ওই সড়ক দিয়ে ৭-৮টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। 

 

শুধু সাধারণ মানুষ নয়, স্থানীয় প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচল করছেন। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এসব শিক্ষার্থীরাও।  

 

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি কয়েক বছর আগে আংশিক সংস্কার করা হলেও পরবর্তীতে আর কোনো ধরনের উন্নয়ন কাজ হয়নি। সময়ের সাথে সাথে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙন সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইট-বালু উঠে গিয়ে কাদা জমে থাকে, আবার কোথাও পিচ উঠে গিয়ে সড়কটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

 

বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বৃষ্টির পানিতে গর্তগুলো পানিতে ভরে গিয়ে একেকটি অংশ যেন অদৃশ্য ফাঁদে পরিণত হয়। এতে করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানচালকরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেক সময় যাত্রীদের মাঝপথে নেমে হেঁটে যেতে হয়।

 

প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়ার শিক্ষার্থীরা জানান, প্রতিদিন স্কুল ও কলেজে যাতায়াত করতে গিয়ে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বৃষ্টির দিনে কাদা ও পানির কারণে অনেকেই সময়মতো ক্লাসে পৌঁছাতে পারেন না। আবার শুকনো মৌসুমে ধুলাবালিতে পরিবেশ দূষিত হয়ে ওঠে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

 

শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসীও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিভাবকরা জানান, এই সড়কের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা করছেন তারা।

 

এলাকাবাসী জানান, শুধু শিক্ষার্থীই নয়, সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়। এছাড়া কোনো রোগী অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। রোগীর জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

 

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রতিবার আশ্বাস দিয়েই দায় এড়ানো হয়েছে বলে দাবি করেন তারা।

 

শিক্ষার্থী সুয়েব রেজা বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে খুব কষ্ট হয়। অনেক সময় পিছলে পড়ে আহতও হতে হয়। কিন্তু আমাদের জন্য কোনো বিকল্প রাস্তা নেই।’

 

সাজিবুর রহমান নাঈম তিনি বলেন, ‘আমাদের বিকল্প আর সড়ক নেই,এই সড়ক দিয়েই চলাচল করতে হয় কিন্তু বর্ষার মৌসুম আসলেই পড়তে হয় বিপাকে, অল্প বৃষ্টিতে হাঁটু সমান পানি জমা হয়। যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।’ তাই সড়কটি দ্রুত মেরামত করার দাবি জানান তিনি। 

 

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, অবিলম্বে সড়কটি সংস্কার না করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে দাবি করেন এলাকার সচেতন মহল।

 

দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হামিদ জানান, প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করি, দ্রুততম সময়ে সড়কটি মেরামত করা হবে। 

 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দোয়ারাবাজার সড়ক, সুনামগঞ্জ রাস্তা সমস্যা, প্রগতি উচ্চ বিদ্যালয়, বেহাল সড়ক, দোহালিয়া বাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ