১৩ মার্চ ২০২৬

যাপিতজীবন / ভ্রমণ

বসন্তের আগেই লাল রঙে মেতেছে দেশের বৃহত্তম শিমুল বাগান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বসন্তের আগেই লাল রঙের ছোঁয়ায় মুখরিত হয়ে উঠেছে দেশের বৃহত্তম শিমুল বাগান ‘আলহাজ্ব জয়নাল আবেদীন শিমুল বাগান’। মানিগাঁও (ইলামপুর) এলাকায় অবস্থিত এই বাগানটি শিমুলের মাধুর্য ও প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

ঋতুরাজ বসন্ত পুরোপুরি এল না, শিমুল ফুলও পুরো ফুটেনি, তবু সপ্তাহের শুরু থেকেই বাগানে পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দর্শনার্থীরা। শাখায় শাখায় রক্তরাঙা শিমুল ফুল ফুটতে শুরু করলে মনে হবে, ঘন সবুজের মাঝে যেন আগুন জ্বলছে। বিশেষ করে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এই অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়।

 

সিলেটের ইম্পেরিয়াল হাসপাতালের নার্স রহিমা জান্নাত বলেন, ‘আমরা প্রায় ৫০ জন এসেছি একটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে। পথে কিছুটা ক্লান্তি লেগেছিল, কিন্তু বাগান দেখে সব ক্লান্তি উধাও হয়ে গেছে। সত্যিই অনেক ভালো লেগেছে।’ 

 

অন্য এক দর্শনার্থী সম্পা রায় জানান, ‘এই বাগান থেকে পাশের ভারতের মেঘালয় রাজ্যের সুউচ্চ খাসিয়া পাহাড় ও রূপের নদী যাদুকাটা দেখা যায়। অনুভূতিটা ভাষায় প্রকাশের মতো নয়। কেউ নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না।’

 

২০০২ সালে বাদাঘাট ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, বৃক্ষপ্রেমী ও শিক্ষানুরাগী প্রয়াত আলহাজ্ব জয়নাল আবেদীন শখের বশে ৩৩ একর বালুকাভূমি ক্রয় করে সেখানে প্রায় আড়াই হাজার শিমুল ও এক হাজার লেবু গাছ রোপণ করেন। তার পরিশ্রমে বাগানটি আজ এশিয়ার বৃহত্তম শিমুল বাগানে পরিণত হয়েছে। বর্তমানে তার সন্তানরা বাগানের পরিচর্যা করছেন।

 

প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে আফতাব উদ্দিন বলেন, ‌‘পর্যটকদের কথা বিবেচনায় বাগানের চারপাশে কাঁটাতারের বাউন্ডারি, ওয়াশরুম, চেঞ্জিং রুম ও একটি ক্যান্টিন স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও উন্নয়ন করা হবে।’

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় বাগানে আধুনিক বেঞ্চ, শিশুদের খেলাধুলার জন্য দোলনা, একটি আধুনিক রেস্ট হাউস এবং পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে, যা পর্যটকদের সুবিধা বৃদ্ধি করবে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

শিমুল বাগান, সুনামগঞ্জ, পর্যটন, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ