২১ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে

গুয়াহাটিতে রেকর্ড বৃষ্টিতে বন্যা, প্রাণ হারালেন একজন

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৬ ১:৪৭ অপরাহ্ন

ছবিঃ আসামের কামরূপ মহানগর জেলার রুক্মিণীগাঁওয়ে বন্যার জলে এলাকাটি প্লাবিত হওয়ায় একটি গাড়ি সম্পূর্ণ ডুবে থাকা অবস্থায় বাসিন্দারা জলমগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।

ভারতের আসামের রাজধানী গুয়াহাটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবারের এই বন্যায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং পুরো শহরের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ১৯৫১ সালের পর শহরটিতে এপ্রিল মাসে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গুয়াহাটিতে ১১৭.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগে ২০০৪ সালে ১১৬.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। শহরের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল আরও ভয়াবহ। খানাপাড়ার এসআইআরডি (SIRD) কমপ্লেক্সে ২১৫.৯ মিলিমিটার, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ১৩৪ মিলিমিটার এবং সিটি এআরজি স্টেশনে ১২৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রোববার রাতে মালিগাঁও এলাকায় খোলা ড্রেনে পড়ে পায়েল নাথ নামে এক নারীর মৃত্যু হয়। পরে গুয়াহাটি সিটি পুলিশ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে তাঁর মরদেহ উদ্ধার করে।

টানা বৃষ্টিতে মালিগাঁও, রুক্মিণীগাঁও, অনিল নগর, হাতিগাঁও এবং জু রোডসহ শহরের বিশাল এলাকা প্লাবিত হয়েছে। অনেক এলাকায় পানি বুক সমান উচ্চতায় উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার খাতিরে সোমবার গুয়াহাটি পৌর নিগম এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে যে, আগামী ২-৩ দিন আসামের বিভিন্ন অংশে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) বাসিন্দাদের সতর্ক থাকার এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

ভারত, গুয়াহাটি, বন্যা, বৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ