২০ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

শান্তিগঞ্জে হামের টিকা পাবে সাড়ে ২১ হাজার শিশু

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ 

প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন


হাম-রুবেলা নির্মূলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান।

 

উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২১ হাজার ৬৯৯ জন শিশু এমআর টিকার আওতায় আসবে। এরমধ্যে কমিউনিটি পর্যায়ে ২১ হাজার ১০৩ জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯৬ জন শিশু এই টিকার আওতায় আসবে।

 

স্বাস্থ্য অফিস আরও জানায়, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা না গেলেও নিবন্ধন ছাড়া এলেও শিশুরা টিকা পাবে। একইসঙ্গে পূর্বে টিকা গ্রহণ করলেও নির্ধারিত বয়সসীমার সব শিশুকে এই ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হবে। তবে টিকা নিতে আসা কোনো শিশু ইতিপূর্বে টিকা গ্রহনের ২৮ দিন অতিক্রম না করলে সেই শিশুকে ২৮ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া কোনো শিশু জ্বর-সর্দিসহ কোনো রোগে আক্রান্ত থাকলে সুস্থ্য না হওয়া পর্যন্ত টিকার আওতায় আসবে না। 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, আজ থেকে শান্তিগঞ্জ উপজেলায় হাম-রুবেলা নির্মূলে এমআর টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের দিন থেকে আগামী ৩ সপ্তাহের মধ্যে এই টিকাদান কর্মসূচি সম্পন্ন করা হবে। এর মধ্যে প্রথম দুই সপ্তাহে কমিউনিটি পর্যায়ে এবং শেষ সপ্তাহে স্কুল-মাদ্রাসা পর্যায়ে টিকাদান সম্পন্ন করা হবে। শিশুদের হামের কবল থেকে সুরক্ষা দিতে এমআর টিকা নেওয়া অত্যন্ত জরুরী। 

 

পরে সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান'র সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আনছার উদ্দিন। 

 

সভায় আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলি উল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তারিক জামিল অপু। 

 

সভায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সার্বিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, হাম-রুবেলা টিকা, শিশু, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ