২২ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

রাজনীতির জন্য নয়, দায়িত্ব নিয়ে এসেছি-মানুষের সমস্যা দূর করতে : মোহাম্মদ সেলিম উদ্দিন

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ন

ছবিঃ বিয়ানীবাজার পৌর শহরের উত্তর বাজারে উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ও দলের ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল দশটায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন থেকে গণসংযোগ ও প্রচারণা শুরু করেন তিনি। টিকরপাড়া ও নন্দিরফলে গ্রামে উঠান বৈঠক ও মতবিনিময় করেন তিনি। পরে মুড়িয়া ইউনিয়নের সারপার বাজারে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে গণসংযোগ করেন। পরে বিয়ানীবাজার পৌর শহরের উত্তর বাজারে উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।


বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন কমিটির পরিচালক মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিনের সঞ্চালনায় নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সিলেট-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, 'রাজনীতির জন্য নয়, দায়িত্ববোধ থেকেই বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলাবাসীর নানাবিধ সমস্যা দূর করতে নির্বাচনে এসেছি। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে পরিবর্তন করতেই হবে। আমরা ৫৪ বছরের বঞ্চনায় আর থাকতে চাই না। আর কারো ধোঁকার শিকার হতে চাই না। আমাদের ন্যায্য ও কাঙ্ক্ষিত দাবির জন্য কারো দিকে তাকিয়ে থাকতে চাই না।'


তিনি আরও বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আগামী পাঁচ বছরের নেতৃত্ব নির্ধারিত হবে। যে নেতৃত্ব বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারবে, ভোটাররা তাকেই রায় দেবেন। আল্লাহর ইচ্ছায় যিনি নির্বাচিত হবেন, তিনিই আগামী পাঁচ বছর এ আসনের নেতৃত্ব দেবেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে। প্রতিটি কর্মীকে নিজেকে প্রার্থী মনে করে মাঠে কাজ করতে হবে।'


এসময় জামায়াতের এই নেতা দাবি করেন, 'চরিত্র, নৈতিকতা ও সততার পরীক্ষায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জাতির সঙ্গে পরীক্ষিত হয়ে উত্তীর্ণ হয়েছে।' তিনি আরও জানান, 'ইসলামী চেতনা, জুলাই আন্দোলনের চেতনা ও মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী মোট ১০টি দল একত্রিত হয়ে এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় থেকে ব্যর্থ হয়নি, বরং এখনো রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়নি।'


বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার প্রধান সমস্যার কথা তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, 'এ দুই উপজেলার প্রধান সমস্যা রাস্তাঘাট নিয়ে। আমি নির্বাচিত হলে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত ও আধুনিকায়ন করবো।'

 

কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদ আহমদ, ঢাকা মহানগর ইসলামী ছাত্রশিবির পূর্ব শাখার সাবেক সভাপতি আরিফ হোসাইন, নায়েবে আমির মুস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌরসভা আমীর কাজী জমির হোসাইন, সেক্রেটারি সাদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আখনু হোসেন খান, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ নুর ইসলাম এবং বিয়ানীবাজার ডেভেলপমেন্ট ইউকে’র সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল খান, সিলেট জেলা পূর্বের অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ, উপজেলা দক্ষিন শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, উত্তর শাখার সভাপতি আব্দুল মুমিন, কলেজ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ নুর ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী-সমর্থকবৃন্দ।

 

এদিকে, কার্যালয় উদ্বোধন শেষে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হওয়া দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু তাহের মোহাম্মদ তুরাবের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে বিয়ানীবাজার পৌরশহরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন তিনি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

জামায়াতে ইসলামী, প্রচার মিছিল, সিলেট, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ