২০ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের তিন জেলায় তারেক রহমানের বার্তা: ১৯৭১ ভুলে যায়নি দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১০:০১ অপরাহ্ন


সিলেট বিভাগ সফর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন জনসভায় বক্তব্য দেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে স্পষ্ট বার্তা দেন।

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় তিনি বলেন, একটি মহল নির্বাচনকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচনের আগেই নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ঠকানো হচ্ছে।



তারেক রহমান বলেন, যেটার মালিক আল্লাহ, সেটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। অথচ তারা বলছে, এটা দিবে, ওটা দিবে। এ ধরনের বক্তব্য মানুষকে বিভ্রান্ত করার শামিল।

তিনি আরও বলেন, যারা বলছে এবার "নতুন কিছু দেখুন”, তাদের প্রকৃত ভূমিকা মানুষ ১৯৭১ সালেই দেখেছে। মুক্তিযুদ্ধে লাখো মানুষ শহীদ হয়েছেন, মা–বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মৌলভীবাজারের এক জনসভায় জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা ক্রমাগত মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ তাদের প্রকৃত রূপ চিনে ফেলেছে। আমরা চাই না, মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করে বসুক। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দেওয়া হোক।

তিনি বলেন, যেই দলটি সম্পর্কে আপনাদের সজাগ থাকতে বলছি, তারা কয়েকদিন ধরে মানুষকে এমন সব কথা বলছে যা শুধু মিথ্যাই নয়, গুনাহের শামিল। ১৯৭১ সালে দেশ স্বাধীন করতে মুক্তিযোদ্ধারা রক্ত ঢেলে দিয়েছেন, কিন্তু সেই সময় এই দলটির ভূমিকা কী ছিল? যদি তারা তখন জনগণের পক্ষে থাকত, তবে এত মানুষকে শহীদ হতে হতো না। ইতিহাস মুছে ফেলা যায় না। তাদের আসল চেহারা মানুষ ১৯৭১ সালেই দেখেছে।’

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও মা-বোনদের মোবাইল নম্বর নিচ্ছে। বিকাশের মাধ্যমে ভোটারদের কাছে টাকা পাঠানো হচ্ছে এবং অনেকে ধরাও পড়েছে।

তারেক রহমান বলেন, যারা নির্বাচনের আগেই মানুষকে অর্থ প্রদান করে, তারা আগেই অসৎ কাজ করে—এদের পক্ষে সৎ মানুষের শাসন কায়েম করা সম্ভব নয়। 

জনসভায় তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে লক্ষ মানুষের প্রাণের বিনিময় ও লক্ষ মা-বোনের সম্মানের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজকের এই রাজনৈতিক দল বাংলাদেশকে স্বাধীন হতে দেয়নি। তারা তাদের পক্ষ নিয়েছিল। ফলে লক্ষ লক্ষ মা-বোনের সম্মানহানি হয়েছে। লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের শহীদ হয়েছেন।’ 

‎এদেরকে আমরা পঞ্চাশ বছর আগে দেখছি বলে তারেক রহমান বলেন, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজেই নতুন করে দেখার সুযোগ নেই। এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা, যারা এদেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, তারেক রহমান, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ