২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

পোস্টাল ভোটে নিবন্ধন করলেন সিলেটের ৩১ হাজার প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২৫ ৭:৫১ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন সিলেটের প্রবাসীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেটে বিভাগের চার জেলায় অনলাইনে নিবন্ধন করেছেন ৩১ হাজার ১৩ জন প্রবাসী। 

 

নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৭ হাজার ৪৬৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৩ হাজার ৫৪৭ জন। এছাড়াও নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন আরও ৪৯ জন প্রবাসী।  

 

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

 

ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট জেলায় নিবন্ধন করেছেন ১৬ হাজার ২৫১ জন।  যার মধ্যে পুরুষ ১৪ হাজার ৩৫ জন, নারী ২ হাজার ২১৪ জন। এ জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩০ জন। 

 

মৌলভীবাজার জেলায় নিবন্ধন করেছেন ৭ হাজার ৮১১ জন প্রবাসী। তাদের মধ্যে পুরুষ ৭ হাজার ২৭ জন ও নারী ৭৮৪ জন। এ জেলায় প্রসাবী ভোটার হিসেবে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ১১ জন। 

 

তাছাড়া হবিগঞ্জ জেলায় প্রবাস থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩ হাজার ৩২৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৮৯ জন ও নারী ভোটার রয়েছেন ২৩৯ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৫ জন প্রবাসী ভোটার। 

 

সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৬২৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৩১৩ জন এবং নারী ভোটার রয়েছেন ৩১০ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩ জন প্রবাসী ভোটার। 

 

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা প্রবাসী ভোটারদের অনুরোধে শুধু সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’ 

 

পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

ইসির এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করুন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে প্রেরণ করা সম্ভব হবে না।

 

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

 

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

 

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য, সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, পোস্টাল ভোটে নিবন্ধন, প্রবাসী, নির্বাচন, জাতীয় নির্বাচন, গণভোট, অনলাইনে নিবন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ