২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-৩ আসন

আট দলের জোটের প্রার্থী নিয়ে অনিশ্চয়তা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ১:৫৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আটদলীয় জোটের প্রার্থী কে হবেন-এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি। শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত এই আসনে জোটের পক্ষ থেকে কোনও প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। সমাবেশের আগে ও পরে মনোনয়ন প্রত্যাশী জামায়াতের অ্যাডভোকেট ইয়াসীন খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা কেন্দ্রীয় নেতাদের কাছে নিজেদের অবস্থান শক্ত করার প্রচেষ্টা চালান।

জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের বাসিন্দা শাহীনুর পাশা একসময় জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য ছিলেন। সুনামগঞ্জ-৩ আসন থেকে জমিয়তের প্রার্থী হয়ে চারবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়া পাশা ২০০৫ সালের নির্বাচনে বিএনপি জোটের ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে তৃণমূল বিএনপির হয়ে সোনালি আঁশ প্রতীকে অংশ নিয়ে জামানত হারান তিনি। এর আগে ২০২৩ সালের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জমিয়ত থেকে বহিষ্কার হন।
পরবর্তীতে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন, যার ফলে এখন এই দলের শরিক হিসেবে আটদলীয় জোটের প্রার্থী হতে চাইছেন। গত ছয় মাস ধরে নির্বাচনী এলাকায় সভা–সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শাহীনুর পাশা বলেন, ছয়বার জাতীয় নির্বাচনে লড়েছি, একবার এমপি ছিলাম। অভিজ্ঞতার জায়গা থেকে জোট নিশ্চয়ই বিবেচনা করবে। ৩৫ বছর ধরে এলাকায় কাজ করছি এমন গ্রাম নেই যেখানে আমার কর্মী ও সমর্থক নেই। জমিয়তেরও এখানে প্রার্থী নেই। তাদের নেতাকর্মীরাও নিশ্চয়ই আমাকে সমর্থন দেবেন।

জামায়াতের মজলিশে শুরা সদস্য এবং সিলেট মহানগর পেশাজীবী থানা আমির অ্যাডভোকেট ইয়াসীন খান সুনামগঞ্জ-৩ আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী। খানপুর গ্রামের বাসিন্দা ইয়াসীন একজন আইনজীবী এবং প্রায় এক বছর ধরে নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন।

ইয়াসীন খান বলেন, আমরা দুজনেই মাঠে আছি। তবে দল ও জোট নিশ্চয়ই ত্যাগ, গ্রহণযোগ্যতা ও অতীত ভূমিকা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হওয়া এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা শাহীনুর পাশাকে বিতর্কিত করেছে। জনগণ তাঁকে গ্রহণ করবে কি না, সেটাও ভাবার বিষয়।


সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, “সুনামগঞ্জ-৩ আসনে শনিবার পর্যন্ত জোটের পক্ষ থেকে কোনও প্রার্থী চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

এদিকে এই আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম কয়ছর আহমদকে। পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জে ব্যাপক গণসংযোগ চালিয়ে আসছেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ