২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সংসদ নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা ৭ ডিসেম্বরের পর

ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা, গোপনকক্ষের সংখ্যা বাড়বে

সিলেটভয়েস ডেস্ক

প্রকাশঃ ২ ডিসেম্বর, ২০২৫ ১০:০৬ অপরাহ্ন


আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন কমিশনের (ইসি) সভার পরই দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি। 

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 

 

তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট হতে যাওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি। সেইসঙ্গে ভোটকক্ষে থাকা গোপনকক্ষ দ্বিগুণ করার ভাবনা রয়েছে। এ বিষয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) অনুষ্ঠেয় কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আনোয়ারুল ইসলাম বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ক্ষণগণনা চলছে। সব ধরনের প্রস্তুতি শেষের মধ্যে রোববার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সভায় বসবে। এদিনই সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের দিন নির্ধারণ চূড়ান্ত করতে চায় ইসি। এরপরই আনুষ্ঠানিকতা সেরে সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

 

এদিকে গত শনিবার শেরেবাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচ শতাধিক ভোটার নিয়ে ‘মক ভোটিং’ করা হয়। এ অভিজ্ঞতা থেকে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো ও প্রতি ভোটকক্ষে আরও একটি করে ‘গোপনকক্ষ’ বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি।

 

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এখন আট ঘণ্টা ভোট হয়। গণভোট একসঙ্গে করায় ভোট দিয়ে দুই ব্যালটে সময়ক্ষেপণের বিষয়টি বিবেচনায় নিয়েছে ইসি।

 

আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, ‘মক ট্রায়ালে যে অভিজ্ঞতা হলো ভোটারদের ভোট দিতে একটু সময় লাগে, যার কারণে লাইন লম্বা হয়ে যেতে পারে। ভোটগ্রহণ ত্বরান্বিত করতে ভোটকক্ষে দুটি পার্ট করে ডাবল করা যায় কীভাবে, এতে মার্কিং সিল দেওয়ার গোপনকক্ষ বাড়বে। পাশাপাশি ভোটের সময় বাড়াতে পারি কি না ভাবছি।’

 

এক ঘণ্টা সময় বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটটা সঠিকভাবে, সঠিক সময়ে করার ক্ষেত্রে গণনায় যাতে বিলম্বিত না হয়- কমিশন সভায় সেই সিদ্ধান্তও নেওয়া হবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

জাতীয় সংসদ নির্বাচন ২০২৫, ইসি তফসিল ঘোষণা, গণভোট বাংলাদেশ, নির্বাচন কমিশন সভা, মক ভোটিং ইসি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ