২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস-অসন্তোষ বিএনপিতে, সুবিধায় জামায়াত

মোসাইদ রাহাত

প্রকাশঃ ৭ নভেম্বর, ২০২৫ ১২:১৬ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ছিল সিলেট-৪ ও সিলেট-৫। 


অনেক জল্পনা-কল্পনার পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়। এখন অপেক্ষা সিলেট-৫ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের। 


একটি আসন বাকি থাকলেও প্রার্থী ঘোষণার পরপরই উল্লাসে মেতেছেন বিএনপির প্রার্থীদের কর্মী-সমর্থকরা। অবশ্য মনোনয়ন প্রত্যাশী যারা বঞ্চিত হয়েছেন, তাদের মধ্যে কিছুটা অসন্তোষ থাকলেও দলের স্বার্থে সবকিছু ভুলে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ শুরু করেছেন। 


অন্যদিকে, নির্বাচনকে ঘিরে বেশ ফুরফুরে মেজাজে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। আগেভাগে জামায়াত তাদের প্রার্থী ঘোষণা করায় অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে দলটি। প্রতিটি আসনেই তাদের প্রার্থীরা সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 


তৃণমূল পর্যায়ের বাসিন্দা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মতে, বিএনপির ভেতরে সামান্য বিভাজনও যদি তৈরি হয়, সেই সুযোগ নিতে পারে জামায়াত। তবে বিএনপি সেই সুযোগ অন্য কোনো দলকে দেবে না বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। 


দীর্ঘ দেড় যুগ পর দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরেছে। ভোটারদের মধ্যেও বেশ আগ্রহ জন্মেছে। আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে থাকায় এবার সিলেটের মাঠে স্বাচ্ছন্দ্যে প্রস্তুতি নিচ্ছে সবকটি রাজনৈতিক দল। 


বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে। তাদের সাংগঠনিক কার্যক্রমও জোরদার করেছে। নির্বাচনে সবকটি আসনেই জয়ের লক্ষ্যে ইতোমধ্যে ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীরা। প্রার্থীতা নিয়ে কিছু কিছু জায়গায় নিজেদের মধ্যে অসন্তোষ থাকলেও নির্বাচনে দলের জয়ের জন্য ঐক্যবদ্ধ তারা। এক্ষত্রে দলের হাইকমান্ডও কঠোর নির্দেশনা দিয়েছে। 


অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে সরব জামায়াতও। শক্তিশালী নেতৃত্ব, সংগঠিত কাঠামো এবং প্রার্থীদের আগাম প্রস্তুতি তাদের অনেকটা এগিয়ে রাখছে। জনসভা, উঠান বৈঠক ও গণসংযোগসহ সবধরনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জামায়াত প্রার্থীরা। 


তাছাড়া এনসিপি ও ইসলামী কয়েকটি দল এখনও নিজেদের প্রার্থী ঘোষণা করেনি। এসব রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করলে ভোটের মাঠে উত্তাপ আরও ছড়িয়ে পড়বে। 

সিলেট-১ আসনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট-১ আসনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পাওয়ার আশা থাকলেও শেষমেষ দল তাকে দিয়েছে সিলেট-৪ আসন। 


এই আসনে বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দলের সিদ্ধান্তে মাঠে আছি, দল আমার ওপর আস্থা রেখেছে। আমি সেই আস্থার সম্মান রাখব। আমি আশা করি দলের সবাই আমার জন্য কাজ করবেন। 


সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার ওপর দলের ভেতর ও বাইরের আস্থা আরও দৃঢ় হচ্ছে। স্থানীয় ভোটারদের অনেকেই তাঁকে অদ্বিতীয় প্রার্থী হিসেবে দেখছেন। 


তাহসীনা রুশদীর লুনা বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে, এলাকার মানুষও চায় আমি তাদের জন্য সংসদে গিয়ে কথা বলি, বিগত সময়ের ফ্যাসিস্ট সরকার আমাদের সবার উপর অত্যাচার জুলুম চালিয়েছে যার বড় ক্ষতিটা আমাকে আজীবন বয়ে যেতে হবে, তবে আমি আমার সংসদীয় এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, দল আমাকে চেয়েছে আমি তার আস্থার জায়গাটা ধরে রাখব। 


সিলেট-৩ আসনে এ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। অন্যদিকে জামায়াতের প্রার্থী রয়েছেন দক্ষিণ সুরমার সাবেক উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ। দুজনেই এখন জয়ের লক্ষ্যে কাজ করছেন দিনেরাতে। 


অনেক জল্পনা কল্পনা শেষে সিলেট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। যার কারণে অনেকটা আত্মবিশ্বাসী থাকা বিএনপির কেন্দ্রিয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী আশাহত হয়ে পড়েছেন। এ আসনে বিএনপির আরও প্রার্থী ছিলেন তাদের মধ্যে জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও বিএনপি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেয়া সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

স্থানীয়দের ধারণা, এ আসনে আরিফুল হক চৌধুরী দলীয় মনোনয়ন পেলেও জয়লাভ করাটা একটু কঠিন হয়ে পড়বে।


মনোনয়ন পেয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দলের উচ্চপর্যায় থেকে তাঁকে সিলেট-১-এর পরিবর্তে বেশ কয়েকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার জন্য বললেও আমি রাজি হইনি। তবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট-৪ আসনে প্রার্থী হতে নির্দেশনা দেন। এ নির্দেশ অমান্য করার সুযোগ আমার নেই।


তিনি বলেন, সিলেট-৪ আসনের মানুষ আমাকেই ভোট দিবে। আমার সাথে এই এলাকার মানুষের সম্পর্ক ভালো। নির্বাচনের আগেই এই আসনের প্রতিটি মানুষের মন জয় কেরে নেব। 


সিলেট-৫ আসনে জমিয়তের সঙ্গে বিএনপির জোটগত সমন্বয়ের সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতে  বিএনপি ও ইসলামী দলগুলোর মধ্যে সমঝোতার আলোচনাও চলতে পারে। এই আসনে দলের মনোনয়ন পেতে এখনও অনঢ় জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। এছাড়াও বিএনপির বেশ কয়েকজন নেতা এই আসনে দলের মনোনয়ন প্রত্যাশী। 


এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি শরীফ আহমদ লস্কর, আবুল হারিছ চৌধুরী কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ও কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদক লুৎফা খানম চৌধুরী স্বপ্না।


বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর জেলার নায়েবে আমির হাফিজ আনোয়ার হোসেন খান। এছাড়া আসনটিতে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা মুফতি আবুল হাসান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি ফয়জুল হক জালালাবাদী ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করীম আবরার। 


ইতিমধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন ওঠেছে আনজুমানে আল ইসলাহের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর নামও। 


সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির প্রার্থী হয়েছেন জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। অন্যদিকে জামায়াত প্রার্থী করেছে ঢাকা মহানগর উত্তরের আমির মুহম্মদ সেলিম উদ্দিনকে, যিনি তৃণমূলে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন। এ আসনে জমিয়তের প্রভাবশালী নেতা হাফিজ মাওলানা ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে পারেন বলে জানা গেছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

ত্রয়োদশ, জাতীয়, সংসদ, নির্বাচন, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ