ডিজেল সংকটে বেড়েছে হারভেস্টারের ভাড়া, সংকটে হাওরাঞ্চলের কৃষক
কৃষি
প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৫ ৮:২৭ অপরাহ্ন
সিলেট বিভাগের হাওরাঞ্চলে বোরো ধান কাটার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। অনুকুল আবহাওয়ায় চার জেলার হাওরে ইতোমধ্যে ৭১.২৭ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর সিলেট বিভাগের হাওরাঞ্চলের ২ লক্ষ ৭৬ হাজার ৮০৩ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। যার মধ্যে সুনামগঞ্জে ৭০ শতাংশ, সিলেটে ৬৫ শতাংশ, মৌলভীবাজারে ৮৪ শতাংশ এবং হবিগঞ্জে ৬৬ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে।
অন্যদিকে, সাধারণ বা অপেক্ষাকৃত উচু এলাকার ধান কাটার অগ্রগতি তুলনামূলকভাবে ধীর। নন-হাওর অঞ্চলের ২ লক্ষ ২০ হাজার ৪১৬ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়, যার মধ্যে মাত্র ২২ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে সিলেটে ২৯ শতাংশ, মৌলভীবাজারে ২৩ শতাংশ, হবিগঞ্জে ১৮ শতাংশ এবং সুনামগঞ্জে ১৯ শতাংশ জমির ধান কাটা হয়েছে।
বিভাগের হাওর ও নন হাওর মিলিয়ে মোট ৪ লক্ষ ৯৭ হাজার ২১৯ হেক্টর আবাদী বোরো জমির মধ্যে ২ লক্ষ ৪১ হাজার ৬৩৭ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে, যা মোট চাষকৃত জমির ৪৮ শতাংশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের কৃষক মোহন মিয়া বলেন, ‘এবারই আগেভাগে ধান কাটা শেষ হয়েছে। ৬০ কেয়ার জমিতে ধান চাষ করেছিলাম, সব জমির ধান কাটা শেষ হয়েছে। এক দুই দিনের মধ্যে গোলায় তোলার কাজও শেষ হয়ে যাবে। অন্যান্য বছর বোরো ফসল গোলায় তুলতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময় লাগত। এ বছরই বৈশাখেই শেষ হবে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় হাওরাঞ্চলের ধান কাটার কাজ সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আগামী ৫ মে’র মধ্যে হাওরাঞ্চলের সমস্ত ধান কাটার কাজ সম্পন্ন হবে। তবে নন হাওর অঞ্চলের ধান কাটতে আরও কিছুটা সময় লাগতে পারে।’
বোরো ধান কাটা, সিলেট হাওরাঞ্চল, হাওরের ধান কাটার অগ্রগতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর