২১ এপ্রিল ২০২৬

কৃষি / চাষাবাদ

ধান ও চাল সংগ্রহের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৫ ৭:২৪ অপরাহ্ন

ছবিঃ সিলেট সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

সিলেটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার সিলেট সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক শের মাহবুব বলেন, "ধান ও চাল সংগ্রহের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। এই কার্যক্রমের ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হবে না। সরকারি গুদামে খাদ্যশস্য মজুদের মাধ্যমে দুর্যোগ ও চাহিদার সময়ে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে।" তিনি কার্যক্রমটি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সিলেট জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলার ভারপ্রাপ্ত কৃষি উপপরিচালক দীপক কুমার দাস, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াৎ এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ। মিলারদের পক্ষে বক্তব্য রাখেন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ এবং কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন জিয়াউল হক।

চলতি মৌসুমে সিলেট সদর উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩৩ মেট্রিক টন, প্রতি কেজির মূল্য ৩৬ টাকা। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৫০২৫ মেট্রিক টন, প্রতি কেজি ৪৯ টাকা। ধান সংগ্রহ করা হবে কৃষক অ্যাপস এবং উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে 'আগে আসলে আগে পাবেন' নীতিতে। মূল্য পরিশোধ করা হবে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

সিলেট ধান সংগ্রহ ২০২৫, বোরো ধান সংগ্রহ, খাদ্য গুদাম খোজারখলা, জেলা প্রশাসক শের মাহবুব, কৃষকের ন্যায্য মূল্য, ধান চাল সংগ্রহ কার্যক্রম,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ