ডিজেল সংকটে বেড়েছে হারভেস্টারের ভাড়া, সংকটে হাওরাঞ্চলের কৃষক
কৃষি
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৫ ২:২৫ অপরাহ্ন
ধান ও চাল ক্রয়ে মধ্যস্বত্ত্বভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এসময় কারও বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন খাদ্য উপদেষ্টা।
কৃষকদের স্বার্থে ধান-চালের মূল্য নির্ধারন করা হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, 'কৃষক যে কষ্ট করে ফসল ফলায় তার উপযুক্ত মূল্য দিতে না পারলে, কৃষকরা উৎসাহ হারাবে। তাই কৃষকদের ন্যায্যমূল্য দিতে সরকার ধানের মূল্য নির্ধারণ করেছে। এতে বাজারে চালের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠতে পারে। আপনারা মিডিয়া কর্মীরা এই বিষয়টি মানুষের মাঝে তুলে ধরবেন।'
তিনি আরও বলেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়া কৃষকরা যাতে ধান বিক্রি করতে পারেন সেজন্য খাদ্য বিভাগের সর্বোচ্চ নজরদারি থাকবে। আমি ব্যক্তিগতভাবে নিজে ধান সংগ্রহ কার্যক্রম নজরদারি করবো। গত আমন মৌসুমে কোনো রকম ভোগান্তি ছাড়া কৃষকরা ধান গুদামে দিতে পেরেছেন, কোনো সিন্ডিকেট ছিলো না। এবারও ধান চাল ক্রয়ে বাজার মনিটরিং করা হবে।'
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহ কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ জেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।
পরে দেখার হাওরে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য উপদেষ্টা। এসময় তিনি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন তিনি।
উল্লেখ্য এবছর সুনামগঞ্জে সরকারীভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫ মেট্টিকটন। ৩৬ টাকা কেজি দরে ১৪৪০ টাকা মন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করবে সরকার।