১৪ জুলাই ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

১০১ শয্যায় উন্নীত হচ্ছে সিলেটের ১০ স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন


সিলেট জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে রোগীদের জন্য চিকিৎসাসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একইসঙ্গে জেলা সদর হাসপাতালের ওপর রোগীর চাপও কিছুটা কমবে বলে মনে করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।


সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার মোট ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। এর আওতায় সিলেট জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও অন্তর্ভুক্ত হয়েছে।


সিলেটে যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বাড়ানো হবে, সেগুলো হলো—সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুধু শয্যাসংখ্যা বাড়ানোই নয়, পর্যায়ক্রমে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে উপজেলা পর্যায়েই আরও বিস্তৃত ও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। এতে দূরবর্তী এলাকার রোগীদের জেলা শহরে ছুটে আসার প্রয়োজনও অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।


এদিকে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা উপকরণ নিশ্চিত করা গেলে এই উদ্যোগের সুফল সবচেয়ে বেশি পাবেন গ্রামীণ জনগোষ্ঠী। একই সঙ্গে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপও কমে আসবে বলে মনে করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।


 এদিকে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষ্য, এ উদ্যোগে দুই উপজেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। 


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট স্বাস্থ্য কমপ্লেক্স, ১০১ শয্যা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য মন্ত্রণালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ