০২ জুলাই ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

এমপি নাসির চৌধুরীর মৃত্যু নিয়ে ফেসবুকে গুজব, নেতাকর্মীদের ক্ষোভ

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ জুলাই, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন

ছবিঃ সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় 'ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত' দাবি করে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) ‘দিরাই JNR’ নামে একটি ফেসবুক পেজ থেকে এমপি নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন বলে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।


শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল বলেন, সংসদ সদস্য সুস্থ আছেন। গতকালও তিনি সংসদের অধিবেশনে উপস্থিত ছিলেন এবং নিয়মিত দিরাই-শাল্লার মানুষের খোঁজখবর রাখছেন। একটি মহল রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের গুজবের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


বিএনপির জোটসঙ্গী শাল্লা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদও ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ আছেন। রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো হীন উদ্দেশ্য হাসিলের জন্য হয়তো একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের জঘন্য ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। এরা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করার অপচেষ্টা সবসময়ই চালিয়ে আসছে। এসব সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 


দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান বলেন, নাছির চৌধুরীর নেতৃত্বে এগিয়ে যাবে ভাটির এই জনপদ৷ উন্নয়নের ধারাবাহিকতায় শিগগিরই আরও বড় ধরনের সুসংবাদ পাব আমরা৷ তিনি আগের চেয়ে অনেক সুস্থ আছেন বলে জানান তিনি। 


এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, কয়েকটি ভুয়া ফেসবুক আইডির বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

এমপি নাসির চৌধুরী, মৃত্যুর গুজব, ফেসবুক পোস্ট, শাল্লা উপজেলা বিএনপি, সাইবার অপরাধী, আইনগত ব্যবস্থা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ