জগন্নাথপুরে আর্জেন্টিনার পতাকার আদলে দৃষ্টিনন্দন বাড়ি
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৯ জুন, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ধীরে ধীরে বাড়ছে। সেই উন্মাদনায় ভিন্নমাত্রা যোগ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের এক আর্জেন্টিনা সমর্থক।
প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি নিজের পুরো বাড়িটি সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশী-সাদা রঙে। ব্যতিক্রমী এই উদ্যোগ এখন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকায় অবস্থিত বাড়িটির দেয়াল, মূল ফটক, বারান্দা ও সীমানাপ্রাচীরসহ সবখানেই আকাশী-সাদা রঙের ছোঁয়া। এদিকে বিশ্বকাপকে ঘিরে সাজানো বাড়িটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিন সেখানে ভিড় করছেন অসংখ্য মানুষ।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং আশপাশের এলাকা থেকেও ফুটবলপ্রেমীরা বাড়িটি দেখতে আসছেন। অনেকে বাড়িটির সামনে দাঁড়িয়ে ছবি ও সেলফি তুলছেন। কেউ কেউ আবার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
স্থানীয় বাসিন্দা জুয়েল আহমেদ বলেন, ‘আমরা আর্জেন্টিনার সমর্থক। বাড়িটি দেখতে এসেছি। খুব সুন্দর লাগছে। আশা করি, এবার আমাদের দলের বিজয় হবে।’
বাড়িটি দেখতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, যিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, তিনি প্রশংসার দাবিদার। সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়িটির ছবি দেখে তারা আগ্রহী হয়ে সরাসরি দেখতে এসেছেন। তাদের ভাষায়, পুরো বাড়িটি যেভাবে আকাশী-সাদা রঙে সাজানো হয়েছে, তা সত্যিই দৃষ্টিনন্দন এবং আর্জেন্টিনা সমর্থকদের জন্য বাড়তি আনন্দের উৎস।
ফুটবলপ্রেমী, আর্জেন্টিনা, পতাকা, দৃষ্টিনন্দন, বিশ্বকাপ, বাড়ি