বিশ্বকাপ নকআউটে কোন দলের প্রতিপক্ষ কে, ম্যাচের সময়সূচি কী?
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেও জয়ের ছন্দ ধরে রাখল আর্জেন্টিনা। জর্ডানকে ৩–১ গোলে হারিয়ে 'জে' গ্রুপে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান আরও স্পষ্ট করেছে লিওনেল স্কালোনির দল।
শুরু থেকেই বলের দখল রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করে আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটেই জিওভানি লো সেলসো বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি কিকে দারুণ বাঁকানো শটে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। প্রথমার্ধের মাঝামাঝি ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস। ডি-বক্সে মার্কোস সেনেসিকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা, আর স্পট কিক থেকে কোনো ভুল করেননি ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেস একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলও বাতিল হয়। এরপর ম্যাচের বিপরীতে ৫৫ মিনিটে ব্যবধান কমায় জর্ডান। এহসান হাদ্দাদের ক্রস থেকে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরান।
এরপরই মাঠে নামেন লিওনেল মেসি। প্রায় আধঘণ্টা খেলেই আবারও দেখিয়ে দিলেন, বড় মঞ্চে তার প্রভাব কতটা গভীর হতে পারে। ৮০তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকে সবাই যখন দেয়ালের ওপর দিয়ে শটের অপেক্ষায়, তখন নিচু ও বাঁকানো শটে গোলরক্ষককে সম্পূর্ণ বোকা বানিয়ে বল জড়িয়ে দেন জালে। দর্শকদের করতালির মধ্যেই নিশ্চিত হয় আর্জেন্টিনার ৩–১ ব্যবধানের জয়।
এই গোল শুধু ম্যাচের ফলই নিশ্চিত করেনি, মেসির নামের পাশে যোগ করেছে নতুন এক বিশ্বকাপ রেকর্ডও। টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবারের বিশ্বকাপেও এটি তার ষষ্ঠ গোল, যা তাকে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা আর্জেন্টিনার সামনে এবার নতুন চ্যালেঞ্জ। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের চমক কেপ ভার্দে। বিশ্বচ্যাম্পিয়নরা হয়ত সেই বাধা অনায়াসেই পার হয়ে যাবে।
বিশ্বকাপ, আর্জেন্টিনা, মেসি