২৭ জুন ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

‘রোগী ভর্তি করে নিজেই এখন অসুস্থ হয়ে পড়েছি’

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ জুন, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নিজেই যেন এক ‘রোগী’। একদিকে পুরো হাসপাতাল প্রাঙ্গন ও চারপাশে ময়লার ভাগাড় অন্যদিকে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব। এতে করে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। 


সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতাল চত্বরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, বারান্দা এবং দেয়ালের চারপাশে যত্রতত্র ময়লা ও মেডিকেল বর্জ্য ফেলে রাখা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে চিকিৎসার কাজে ব্যবহৃত প্লাস্টিক, স্যালাইনের প্যাকেট, গজ-ব্যান্ডেজসহ নানাবিধ বর্জ্য। নিয়মিত পরিষ্কার না করায় এসব বর্জ্য পচে বাতাসে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে হাসপাতালের ভেতরে নাক চেপে চলাচল করতে হচ্ছে রোগী, দর্শনার্থী এবং খোদ কর্মকর্তা-কর্মচারীদেরও। 


হাসপাতালে চিকিৎসা নিতে আসা পুলক দে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি আমার স্ত্রী কে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। রোগী নিয়ে এসেছি সুস্থ করার জন্য কিন্তু আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। বেড ও বাথরুমের অবস্থা খারাপ। হাসপাতালে সকাল- বিকাল পরিস্কার করার কথা। কিন্তু আয়া-মাসিরা নার্সদের কাজ নিয়ে ব্যস্ত।’ 


তিনি বলেন, ‘মানুষ হাসপাতালে আসে অসুস্থ শরীর নিয়ে সুস্থ হওয়ার আশায়। কিন্তু হাসপাতালের যে পরিবেশ, তাতে সুস্থ মানুষও এখানে এলে দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়বে। ভেতরের বাথরুম থেকে শুরু করে চারপাশের পরিবেশ দেখার যেন কেউ নেই।"


রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের ভেতরে বা বাইরে কোথাও শান্তিতে দাঁড়ানোর মতো পরিবেশ নেই। দুর্গন্ধের কারণে দীর্ঘক্ষণ অবস্থান করা দুরূহ হয়ে পড়েছে।


ভুক্তভোগী ও সাধারণ মানুষের দাবি, সরকারি এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতা দ্রুত ফিরিয়ে আনা হোক। জনবল সংকট কিংবা অন্য যে কোনো অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ানো কোনোভাবেই কাম্য নয়। তাই দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে এবং হাসপাতালের পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা। 


জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃপেশ রায় বলেন, ‘নিয়মিত হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। যদি এর বিপরীত হয় তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হাসপাতাল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য, দুর্গন্ধ, রোগী দুর্ভোগ, স্বাস্থ্য কমপ্লেক্স

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ