২৪ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / বন্যপ্রাণী সংরক্ষণ

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ১:৫২ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিপন্ন প্রজাতির তিনটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যান–এর ডরমিটরি লেকে অবমুক্ত করা হয়।


গত বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। বন বিভাগের ধারণা, বিক্রির উদ্দেশ্যে কচ্ছপগুলো বাজারে আনা হয়েছিল।


বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকায় অভিযান চালান বিভাগের কর্মীরা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে কচ্ছপগুলো ফেলে পালিয়ে যান বিক্রেতারা।


পরে উদ্ধার হওয়া তিনটি কচ্ছপ প্রথমে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে রাতেই কচ্ছপগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।


বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার হওয়া তিনটি সুন্ধি কচ্ছপই অক্ষত অবস্থায় ছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেগুলোকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।


এদিকে এই সুন্ধি কচ্ছপ বাংলাদেশে বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর মধ্যে অন্যতম। অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, বন্যপ্রাণী পাচার, সুন্ধি কচ্ছপ, লাউয়াছড়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ