১৫ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সিলেট টেস্ট শুরুর আগে কড়া শাস্তির খবর পেল পাকিস্তান

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৫ মে, ২০২৬ ৩:১২ অপরাহ্ন


মিরপুরে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারার ক্ষত শুকানোর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান। ধীরগতির ওভার-রেটের কারণে শান মাসুদের দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে গুরুত্বপূর্ণ আট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। সিলেট টেস্টে মাঠে নামার আগেই এই বড় শাস্তির খবর পেল সফরকারীরা।

এমিরাটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই নিষেধাজ্ঞা আরোপ করেন। নির্ধারিত সময়ের চেয়ে পাকিস্তান ৮ ওভার কম বল করায় এই শাস্তির মুখে পড়ে। আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। ৮ ওভারের জন্য সেই অঙ্কটি দাঁড়িয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশে।

শুধু আর্থিক জরিমানাই নয়, পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ৮ পয়েন্ট হারানো। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতি এক ওভার কম করার জন্য এক পয়েন্ট করে পেনাল্টি দেওয়া হয়। ফলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে পাকিস্তান বড় পয়েন্ট হারিয়ে বেশ চাপের মুখে পড়ল।

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ম্যাচ রেফারির কাছে নিজের ভুল এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল এই অভিযোগ আনেন।

সিলেটে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামার আগে সফরকারীদের জন্য এটি একটি বড় মানসিক চাপ হয়ে দাঁড়াল।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, পাকিস্তান, টেস্ট, খেলাধুলা, ক্রিকেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ