সিলেটে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ২৪ ঘণ্টায় ৮৮.৫ মিলিমিটার বর্ষণ
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২ আগস্ট, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় একটি বিশাল অজগর সাপকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবরথল (করইছড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
অজগর হত্যার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন পরিবেশকর্মীরা। বন বিভাগ বলছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনে গ্রাম থেকে কয়েকটি ছাগল নিখোঁজ হয়। বৃহস্পতিবার বিকেলে একটি অজগরকে একটি ছাগল গিলে খাওয়ার চেষ্টা করতে দেখে উত্তেজিত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে সেটিকে মেরে ফেলেন তারা।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘শুনেছি, ওই সাপটি কয়েকটি ছাগল খেয়ে ফেলে। ঘটনার সময়ও একটি ছাগল গিলে খাচ্ছিল। স্থানীয়দের ভয়ে সাপটিকে মেরে ফেলে।’
বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা ছিল।
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশকর্মী সাঈব আহমদ ইয়াসের বলেন, ‘একটি ছাগল খাওয়ার ঘটনায় একটি সুরক্ষিত প্রাণীকে মেরে ফেলা শুধু অমানবিক নয়, আইনেরও লঙ্ঘন। এ ঘটনা প্রমাণ করে, এখনও বন্যপ্রাণী নিয়ে আমাদের সচেতনতা কতটা কম।’
তিনি বলেন, ‘বন বিভাগের উচিত দুর্গম এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো। তা না হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।’
‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’ অনুযায়ী, অজগর একটি সম্পূর্ণ সুরক্ষিত প্রাণী। একে হত্যা করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড হতে পারে।
মৌলভীবাজার, বড়লেখা, অজগর, হত্যা, প্রাণী হত্যা, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, বন বিভাগ