
সিলেট থেকে গোয়াইনঘাটের জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে সিলেট সফর করেছে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শনিবার (১ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই সফরে অংশ নেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরকালে প্রতিনিধি দলটি প্রস্তাবিত সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা সরেজমিন পর্যবেক্ষণ করে।
এর আগে শনিবার দুপুরে আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনযোগে সিলেট পৌঁছান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। সিলেট পৌঁছানোর পর তাঁরা সড়কপথে জাফলংয়ের উদ্দেশে রওনা হন।
সিলেট আসার পথে সকাল ১১টার দিকে ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালে সেখানকার রেলওয়ে অবকাঠামো ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী। এরপর কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির সময় মন্ত্রী ও সঙ্গে থাকা কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয়রা রেলসেবার নানা সীমাবদ্ধতা ও সমস্যার কথা তুলে ধরলে মন্ত্রী দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এর আগে সিলেট জেলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রথম ধাপে এর সম্ভাব্যতা যাচাই করা হবে। এরপর প্রকল্প বাস্তবায়নে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা চালানো হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেছিলেন, সিলেট-জাফলং রুটে রেলপথ চালু হলে পণ্য পরিবহনের খরচ কমার পাশাপাশি পর্যটকদের যাতায়াতও সহজ হবে। বিশেষত জাফলং এলাকার পাথর ও অন্যান্য পণ্য পরিবহনে এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
শেয়ার করুনঃ
ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন
রেলপথ নির্মাণ, জাফলং, রেলপথ মন্ত্রণালয়, পর্যটন, পণ্য পরিবহন, আরিফুল হক চৌধুরী

