৩০ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ সিলেট আসছে আজ

হবিগঞ্জ-মৌলভীবাজারের ঘটনার পর সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে সতর্ক প্রশাসন

পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৬ ১২:৩১ অপরাহ্ন


হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে দলটির কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনার পর সিলেটে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এনসিপির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে সিলেটের বিভিন্ন উপজেলায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার পাঁচটি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট এবং কোম্পানীগঞ্জ উপজেলায় বিজিবি মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।


এনসিপি জুলাই মাসজুড়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার কর্মসূচিটি সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। তবে গত মঙ্গলবার হবিগঞ্জে পদযাত্রায় হামলা এবং বুধবার মৌলভীবাজারে দলটির কেন্দ্রীয় নেতাদের বাধার মুখে পড়ার ঘটনায় সিলেটে কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা বেড়েছে।


এনসিপির সিলেট জেলা শাখার সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ বলেন, বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় নেতারা প্রথমে গোলাপগঞ্জে একটি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগরে সমাবেশ করবেন। পরদিন শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।


তিনি জানান, কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।


জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, সিলেট জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের সুপারিশের ভিত্তিতে বিজিবি মোতায়েনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।


জেলা প্রশাসক বলেন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলার লক্ষ্যে সংশ্লিষ্ট পাঁচ উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার—দুই দিনের জন্য এই বাহিনী মোতায়েনের আবেদন করা হয়েছে।


এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে অভিযোগ করেন এনসিপির নেতারা। ওই ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় দলটি। তবে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আতিক মুজাহিদ এমপিসহ কেন্দ্রীয় নেতাদের পুলিশ আটকে দেয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

এনসিপি, জুলাই পদযাত্রা, সিলেট, বিজিবি মোতায়েন, নাহিদ ইসলাম, কামরুল আরিফ, সিলেট জেলা প্রশাসন, আব্দুল্লাহ আল মামুন, গোলাপগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ