২৬ জুলাই ২০২৬

অনিয়ম-দুর্নীতি

তাহিরপুরে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘটের ঘোষণা

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ২:৪৯ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীপথে বালু-পাথর পরিবহনকারী নৌযান থেকে বিআইডব্লিউটিএ ও টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘটের ঘোষণা দিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


রোববার সকাল ১১টার দিকে যাদুকাটা নদীর গড়কাটি এলাকায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় যাদুকাটা ব্যবসায়িক শ্রমিক ও নৌ-মালিক সমিতি।


সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত এক মাস ধরে বিআইডব্লিউটিএ ও টোল আদায়ের নামে বালু-পাথর পরিবহনকারী নৌযান থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। ফলে বাধ্য হয়ে তারা কঠোর কর্মসূচির পথে যেতে বাধ্য হয়েছেন।


জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর লালপুর এলাকায় বালু-পাথর লোড ও আনলোড—উভয় ক্ষেত্রেই প্রতি ঘনফুটের বিপরীতে ২ টাকা ৮০ পয়সা করে বিআইডব্লিউটিএর নামে টোল নেওয়া হচ্ছে। দেশের অন্য কোথাও এ ধরনের টোল আদায়ের নজির নেই বলে দাবি আন্দোলনকারীদের।


বক্তারা আরও বলেন, রক্তি নদীর একই এলাকায় বিআইডব্লিউটিএর নামে দুটি পৃথক টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া রক্তি নদীর মোহনায় কোনো পণ্য পরিবহন না করলেও শুধু নৌকা নিয়ে প্রবেশের জন্য তিন হাজার টাকা করে দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।


যাদুকাটা ব্যবসায়িক শ্রমিক ও নৌ-মালিক সমিতির সভাপতি কামাল হোসেন বলেন, নদীপথের অল্প দূরত্বের মধ্যে একাধিক টোল আদায় ব্যবসায়ী ও শ্রমিকদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। এতে নদীপথে বালু-পাথর পরিবহন ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। তিনি বলেন, নদীতে কাজ বন্ধ হলে শ্রমিকদের কষ্ট হবে, তা জানা আছে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিকার না পাওয়ায় তাদের আর কোনো বিকল্প নেই।


সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক মাসে একই দাবিতে কয়েক দফা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। তখনই সতর্ক করা হয়েছিল, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


সংবাদ সম্মেলনে বালু-পাথর ব্যবসায়ী, নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ধর্মঘটের ঘোষণার সময় উপস্থিত কয়েক শ শ্রমিক হাত তুলে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

তাহিরপুর, সুনামগঞ্জ, যাদুকাটা নদী, বিআইডব্লিউটিএ, টোলটেক্স, টোল আদায়, চাঁদাবাজির অভিযোগ, নৌ-ধর্মঘট, বালু-পাথর ব্যবসা, নৌযান শ্রমিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ