২০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৬ ৪:২৩ অপরাহ্ন


সিলেটে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ এ মৃত্যুর ফলে বিভাগে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

সোমবার সকাল ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুই বছর বয়সী ওই শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মধ্যে তীব্র ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দেয়। একপর্যায়ে হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

চিকিৎসকেরা জানান, রোববার থেকেই শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে সব ধরনের চিকিৎসা প্রয়াস সত্ত্বেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত সোমবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত শিশুটি নাম সাজু, সে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমানের সন্তান।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে একই ধরনের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৫৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যেখানে চিকিৎসা নিচ্ছেন ৭৯ জন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, হাম, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ